২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ইসি চাইলে সংসদের আগেই উপজেলা নির্বাচন’

নির্বাচন কমিশন চাইলে জাতীয় সংসদ নির্বাচনের আগেই উপজেলা নির্বাচন করবে তত্ত্বাবধায়ক সরকার। (আরও তথ্যসহ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2007, 04:28 PM

Updated : 26 Apr 2022, 02:02 PM

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আনোয়ারুল ইকবাল মঙ্গলবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, “স্থানীয় পর্যায়ে ক্ষমতার ভারসাম্য রক্ষায় উপজেলা পর্যায়ে নির্বাচনের প্রয়োজন আছে।”

তিনি বলেন, “উপজেলা নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি দেখবে নির্বাচন কমিশন (ইসি)। জাতীয় নির্বাচন অথবা উপজেলা নির্বাচন ---এর কোনটি আগে হবে সেটিও দেখবে তারা। ইসি বললে আমরা এগিয়ে যাবো। তবে এর আগে উপদেষ্টা পরিষদে বিষয়টি নিয়ে অবশ্যই আলোচনা করতে হবে।”

উপদেষ্টা বলেন, “আমি মনে করি উপজেলা নির্বাচন হওয়া উচিত। এ ব্যাপারে আদালতের নির্দেশনা আছে। আদালতের কাছ থেকে বারবার সময় নিয়ে নির্বাচন অনুষ্ঠান পেছানো হচ্ছে।”

১৯৯১ সালের ২৩ নভেম্বর উপজেলা পদ্ধতি বাতিল করে তখনকার বিএনপি সরকার। কিন্তু এটি পুনঃপ্রবর্তন এবং নির্বাচন অনুষ্ঠানের জন্য ১৯৯২ সালের ৩০ জুলাই নির্দেশ দেয় হাইকোর্ট। এরপর বিএনপি, আওয়ামী লীগ ও সর্বশেষ চারদলীয় জোট সরকার কেউই উচ্চতর আদালতের ওই রায় কার্যকর করার বাস্তব উদ্যোগ নেয়নি। দীর্ঘ ১৬ বছরে তিনটি গণতান্ত্রিক সরকার ১৭ বার সুপ্রিমকোর্টের কাছে সময় চেয়েছে। সর্বশেষ গত সেপ্টেম্বর মাসে আদালতের কাছ থেকে সময় নেওয়া হয়।

উপদেষ্টা আনোয়ারুল ইকবাল সাংবাদিকদের জানান, স্থানীয় সরকারের পলাতক জনপ্রতিনিধিদের তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে ডিসিদের নির্দেশ দিয়েছেন তিনি।

সূত্র জানায়, উপজেলা পরিষদকে জবাবদিহিমূলক কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার চিন্তাভাবনা করছে তত্ত্বাবধায়ক সরকার। সেই লক্ষ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি সক্রিয় করতে নির্বাচন অনুষ্ঠানের বিষয়টি বিবেচনায় আনা হচ্ছে।

উপজেলা আইনে প্রতিটি উপজেলা স্থানীয় সরকারের এক--একটি প্রশাসনিক ইউনিট হিসেবে স্বীকৃত হলেও নির্বাচন না হওয়ায় উপজেলা পরিষদ কোনো কার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়নি। সেখানে চেয়ারম্যান না থাকায় স্থানীয় সাংসদরা ইচ্ছানুযায়ী উপজেলার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বরাদ্দ ব্যয় করেন।

প্রসঙ্গত, ১৯৮৫ সালে সামরিক শাসক রাষ্ট্রপতি এইচএম এরশাদ উপজেলা ব্যবস্থা প্রর্বতন করেন। তিনি জনপ্রতিনিধির নেতৃত্বে উপজেলা পরিষদ গঠনে উপজেলা চেয়ারম্যান পদও সৃষ্টি করেন। এরশাদের সময়ে উপজেলা নির্বাচনও অনুষ্ঠিত হয়্।