বিতর্কিত হওয়ার ঝুঁকি নিয়েও নির্বাচনে আসতে চান ইঊনূস
“আমি জানি রাজনীতিতে জড়িত হওয়া মানে বিতর্কিত হওয়া। আপনারা যদি মনে করেন আমার রাজনীতিতে আসাটা দেশে নতুন রাজনৈতিক পরিমণ্ডল রচনায় সহায়ক হবে তবে আমি তার জন্য এ ঝুঁকি নিতে প্রস্তুত আছি।”
বিতর্কিত হওয়ার ঝুঁকি থাকলেও রাজনীতিতে আসতে চান ড. মুহাম্মদ ইউনূস। নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বলেছেন, রাজনৈতিক দল গঠন করে আগামী সাধারণ নির্বাচনে অংশগ্রহণে তিনি প্রস্তুত। তবে এর সবটাই নির্ভর করছে জনগণের সাড়া পাওয়ার ওপর। এ বিষয়ে মতামত চেয়ে রোববার দেশবাসীকে খোলা চিঠি লিখেছেন তিনি।
চিঠিতে ড. ইউনূস বলেছেন, “আমি জানি রাজনীতিতে জড়িত হওয়া মানে বিতর্কিত হওয়া। আপনারা যদি মনে করেন আমার রাজনীতিতে আসাটা দেশে নতুন রাজনৈতিক পরিমণ্ডল রচনায় সহায়ক হবে তবে আমি তার জন্য এ ঝুঁকি নিতে প্রস্তুত আছি।”
রাজনৈতিক সংস্কারের লক্ষ্যে বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের নেওয়া পদক্ষেপ তাকে আশাবাদী করেছে বলেও চিঠিতে তিনি উল্লেখ করেছেন।
তিনি বলেন,“আমি মনে করি মানুষের সমর্থন নিয়ে এ সিদ্ধান্ত নেওয়ার এখনই সঠিক সময়।”
সাংবাদিকদের চিঠিটি পড়ে শোনানোর সময় ইউনূস বলেন, জনগণের সাড়া বিবেচনা করে আগামী সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য তিনি রাজনৈতিক দল গঠন করতে পারেন।
দেশের প্রতিটি মানুষকে সম্বোধন করে চিঠিতে তিনি লিখেন, “আমাদের রাজনৈতিক সংস্কৃতি দেশকে কী পর্যায়ে নিয়ে এসেছে এবং দেশের ভবিষ্যৎ সম্ভাবনাগুলোকে কীভাবে ধূলিস্যাৎ করতে উদ্যোগী হয়েছে তা আপনার মতো আমিও অবলোকন করেছি। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যেভাবে প্রয়োজনীয় সংস্কার করে এর পরিবর্তনের লক্ষ্যে একটি গ্রহণযোগ্য আবহ সৃষ্টির চেষ্টা করছে তা দেশের সকল মানুষের সঙ্গে আমাকেও আশাবাদী করে তুলেছে।”
ড. ইউনূস বলেন, রাজনীতিতে নামা মানে বিতর্কিত হওয়া কিন্তু দেশের মঙ্গলের জন্য সে ঝুঁকি নিতে প্রস্তুত তিনি।
শ্রমিক, কৃষক, ছাত্র, শিক্ষক, গবেষক, বুদ্ধিজীবি, ব্যবসায়ী, শিল্পপতি, শিল্পী-সাহিত্যিক, সাংবাদিক কিংবা যে কোনও পেশার মানুষ অথবা গৃহিণী, কিশোর--কিশোরী তরুণ--তরুণীসহ পৃথিবীর যে কোন দেশে অবস্থানরত বাংলাদেশী নাগরিকের কাছ থেকে রাজনৈতিক দল গঠনের ব্যাপারে পরামর্শ চেয়েছেন তিনি।
ডাকযোগে, ই-মেইলে অথবা এসএমএস--এর মাধ্যমে চিঠির জবাব দেওয়া যাবে। এ জন্য বিস্তারিত ঠিকানা রয়েছে চিঠিতে।
