পলাতক জনপ্রতিনিধিদের শাস্তি দেবে সরকার
সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের পলাতক জনপ্রতিনিধিদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। এর মধ্যেই ইউনিয়ন পরিষদের তিন পলাতক সদস্যের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে তাদের পদচ্যুত করা হয়েছে। এছাড়া যারা পলাতক রয়েছেন তাদের নামের তালিকা তৈরির কাজ চলছে। জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে বিভিন্ন জরুরি কার্যক্রম সম্পন্ন করতে সরকারি কর্মকর্তাদের দায়িত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।
চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার অথবা মেম্বারদের অনুপস্থিতির কারণে নাগরিকত্ব , জন্ম ও চারিত্রিক সনদপত্র সংগ্রহ করতে গিয়ে চরম ভোগান্তির মুখে পড়ছে সাধারণ নাগরিকেরা। অথচ স্কুলে বাচ্চা ভর্তি, ব্যাংক একাউন্ট খোলাসহ বিভিন্ন জরুরি কাজে এসব সনদ এখন প্রতিদিনই দরকার হয়।
পরিস্থিতি সামাল দিতে বিকল্প ব্যবস্থা হিসেবে এসব প্রয়োজনীয় সনদ যাতে সরকারের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তা দিতে পারেন সে বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।
এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা মো. আনোয়ারুল ইকবাল নফহবংি২৪.পড়স কে বলেন কেউ সন্ত্রাসী কার্যকলাপের সঙ্গে জড়িত না থাকলে অথবা দুর্নীতি না করলে কারো পালানোর প্রয়োজন নেই। যেসব জনপ্রতিনিধি তাদের নির্ধারিত কাজ না করে কোনো কারণ ছাড়াই দিনের পর দিন অনুপস্থিত রয়েছেন, তাদের বিরুদ্ধে অবশ্যই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আনোয়ারুল ইকবাল আরও বলেন, চেয়ারম্যান, ওয়ার্ড কমিশনার এবং সদস্যদের অনুপস্থিতির কারণে জনগুরত্বপূর্ণ দৈনন্দিন কার্যক্রমে সমস্যার সৃষ্টি না হয় সেজন্য বিকল্প ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগ সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের যেসব জনপ্রতিনিধি কোন সুর্নিদিষ্ট কারণ ছাড়া পরপর তিনটি সাধারণ সভায় অনুপস্থিত আছেন বা ভবিষ্যতে থাকবেন তাদেরকে পদচ্যুত করা হবে।
সংশ্লিষ্ট সূত্র আরো জানায়, দেশে জরুরি অবস্থা ঘোষণার পর থেকে সিটি কর্পোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের বিপুল সংখ্যক জনপ্রতিনিধি গা-ঢাকা দিয়েছেন।
এসব জনপ্রতিনিধিদের বিরুদ্ধে দুর্নীতি ও সন্ত্রাসী কার্যকলাপের একাধিক অভিযোগ থাকায় গ্রেপ্তার এড়াতে তারা পালিয়ে বেড়াচ্ছেন। কোনো নোটিশ ছাড়াই দিনের পর দিন অনুপস্থিত থাকছেন কর্মস্থলে।
বর্তমান সরকার ক্ষমতায় আসার পর স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বাস্তবায়নাধীন বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করায় জনপ্রতিনিধিদের পালানোর সংখ্যা বেড়ে গেছে।
সূত্র জানিয়েছে জনপ্রতিনিধিদের শাস্তি নিশ্চিত করতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্ট আইনের অনুপস্থিতি সংক্রান্ত ধারা প্রয়োগ করা হবে। ইতিমধ্যেই এ ধারা মোতাবেক পরপর তিনটি সাধারণ সভায় অনুপস্থিতির কারনে টাঙ্গাইল ও বগুড়া জেলার তিন জন ইউনিয়ন পরিষদের সদস্যকে পদচ্যুত করা হয়েছে।
অবশ্য আইনের বিধান না থাকায় অনুপস্থিতির কারণে সিটি কর্পোরেশনের কোন মেয়রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার সরকারের নেই ।
