সরকারি কমর্ কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন অলি
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নির্বাহী সভাপতি কর্নেল (অব.) অলি আহমেদ নির্বাচন কমিশন ও দুর্নীতি কমিশনের মত অবিলম্বে সরকারি কর্ম কমিশন পুনর্গঠনের দাবি জানিয়েছেন।
মগবাজারে শুক্রবার সন্ধ্যায় এলডিপির নতুন কার্যালয় উদ্বোধনকালে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি এদাবী জানান।
গত বছর নভেম্বরে নতুন দল হিসেবে এলডিপি আত্মপ্রকাশ করলেও এই প্রথম ৬৩/এ মগবাজার-এ তারা স্থায়ী একটি কার্যালয় স্থাপন করলো।
এখানে দলের সভাপতি ড. বদরুদ্দোজা চৌধুরীসহ কেন্দ্রীয় নেতাদের আলাদা আলাদা কক্ষ, সেমিনার কক্ষ এবং মিডিয়া সেলের কার্যালয় রয়েছে।
কর্নেল অলি ফখরুদ্দীন আহমদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। একইসাথে তিনি দেশের এই পরিস্থিতিতে সশস্ত্র বাহিনীর ভূমিকার প্রশংসা করেন।
কর্নেল অলি নেতকর্মীদের উদ্দেশ্যে বলেন, “এলডিপিতে কোন দুর্নীতিবাজদের স্থান হবে না। আমরা চাই দেশ থেকে দুর্নীতিবাজ, লুটেরা ও সন্ত্রাসী গডফাদারদের মূল উৎপাটন করে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। একাজে তত্ত্বাবধায়ক সরকার যে পথে এগুচ্ছে তাতে দেশবাসীর পূর্ণ সমর্থন রয়েছে।”
‘প্রশাসনকে দলীয়করণ মুক্ত’ করতে তিনি তত্ত্বাবধায়ক সরকারকে আরও শক্ত হাতে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানান। সাবেক মন্ত্রী ও তাদের দোসররা যে যেখানে এখন অবস্থান করছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানে দলের যুগ্ম -মহাসচিব শাহাদাৎ হোসেন সেলিম, তথ্য ও গবেষণা সম্পাদক আনোয়ারুল হক, মহানগর যুগ্ম আহ্বায়ক হাজী নাসিরসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
এলডিপির অস্থায়ী কার্যালয় ছিল বারিধারায়।
