২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজনৈতিক দলের নিবন্ধন আইন করতে মন্ত্রণালয়কে অনুরোধ করবে নির্বাচন কমিশন

রাজনৈতিক দলগুলোর বাধ্যতামূলক নিবন্ধনের জন্য আইন প্রণয়ন করতে নির্বাচন কমিশন শিগগিরই আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানাবে । নির্বাচন কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন বৃহস্পতিবার এ কথা জানান। 

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2007, 07:51 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

নির্বাচন কমিশনে নিজ কক্ষে সাংবাদিকদের তিনি বলেন, আইন মন্ত্রণালয়কে অনুরোধ জানানোর আগে তারা উপদেষ্টাদের সঙ্গে এ ব্যাপারে আলাপ করবেন। এ ছাড়া রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করবেন।

ছহুল হোসাইন বলেন, “উপদেষ্টাদের সঙ্গে এখনও এ বিষয়ে  আমাদের আলাপ হয়নি। আলাপ করে দেখব আমরা কী করতে পারি। তবে আমার মনে হয়, কিছু হওয়া দরকার। নিবন্ধনের বিষয়ে আইন হলে ভাল হয়। আইন হলে তা বাস্তবায়ন করতে হবে।”

প্রসঙ্গত, আইন উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সম্প্রতি জানান, তত্ত্বাবধায়ক সরকার রাজনৈতিক দলগুলোর নিবন্ধন বাধ্যতামূলক করার পক্ষপাতী। এ ব্যাপারে

আওয়ামী লীগের পক্ষ থেকে জানানো হয়েছে, নিবন্ধন বাধ্যতামূলক করতে আইন করা হলে তাদের কোনো আপত্তি থাকবে না। তবে বিএনপির পক্ষ থেকে এখনও প্রতিক্রিয়া জানানো হয়নি।

প্রসঙ্গত, জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার জন্য কমিশনে রাজনৈতিক দলের নিবন্ধন করার সুযোগ থাকলে তা বাধ্যতামূলক নয়। বাতিল হয়ে যাওয়া ২২ জানুয়ারির নির্বাচনে অংশ নিতে প্রায় ৫০টি নামসর্বস্ব দল আবেদন করেছিল। নির্বাচনী আইন অনুযায়ী, কোনো দল নিবন্ধিত হলে সেই দল একটি নির্দিষ্ট সময়ের জন্য সরকারি টেলিভিশন ও বেতারে নির্বাচনী প্রচার -- প্রচারণার সুযোগ পাবে।