ইয়াজউদ্দিনের চার সচিবের বদলির আদেশ বাতিল
ইয়াজউদ্দিন আহম্মেদের নেতৃত্বাধীন বিদায়ী তত্ত্বাবধায়ক সরকারের চার সচিবের বদলির আদেশটি বাতিল করা হয়েছে। ফখরুদ্দীন আহমদের সরকার দায়িত্ব নেওয়ার পরপরই আদেশটি স্থগিত করে।
গত ১০ জানুয়ারি জারি করা আদেশটি বুধবার সংস্থাপন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে বাতিল করা হয়।
১০ জানুয়ারি জারি প্রজ্ঞাপনে কৃষি সচিব আবদুল আজিজকে পরিকল্পনা কমিশনের সদস্য, বন ও পরিবেশ সচিব এসএম জহরুল ইসলামকে শিক্ষা মন্ত্রণালয়ে, শিক্ষা সচিব মমতাজুল ইসলামকে বন ও পরিবেশ মন্ত্রণালয়ে এবং ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান মর্তুজা হোসেন মুন্সীকে কৃষি মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়।
