জঙ্গিবাদের প্রশ্রয়দাতাদের গ্রেপ্তার করতে বাম দলগুলোর আহ্বান
জঙ্গিদের মদদদাতা ও মৌলবাদীদের গ্রেপ্তার করতে তত্ত্বাবধায়ক সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাম রাজনৈতিক দলগুলো। জঙ্গিবাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা না নেওয়ায় বিস্ময় প্রকাশ করেছেন দলের নেতারা।
“একুশে ফেব্র“য়ারি ও অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনার বিকাশ” শীর্ষক এক আলোচনা সভায় বাম নেতারা এই আহ্বান জানান। বুধবার বিকালে ওর্য়াকার্স পার্টি কার্যালয়ে শহীদ আসাদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তরা বর্তমান সরকারের অনেক কাজের উদ্দেশ্য নিয়ে সন্দেহ ও অনাস্থা প্রকাশ করেন। তাদের বক্তৃতায় ১২ জানুয়ারি ক্ষমতা গ্রহণের পর তত্ত্বাবধায়ক সরকারের কাজের প্রতি প্রথমবারের মতো কঠোর সমালোচনা ধ্বণিত হল কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে।
ওর্য়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, “তত্ত্বাবধায়ক সরকার চট্টগ্রামে বেসরকারি কনটেইনার টার্মিনাল করতে যাচ্ছে বলে আমরা শুনছি।” এ উদ্যোগের পেছনে তেল--গ্যাস দিয়ে দেওয়ার কোন উদ্দেশ্য আছে কি না সে ব্যাপারে তিনি প্রশ্ন তোলেন।
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন, মতিউর রহমান নিজামী ও আলী আহসান মুজাহিদের মতো জঙ্গিবাদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
সিপিবি’র সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে বলেন, “ইউনুস সাহেব বিমান বন্দরে নেমেই বলেছেন উনি রাজনীতি করবেন। অথচ কিছুদিন আগে উনি রাজনীতিবিদদের ঢালাও সমালোচনা করেছিলেন।”
তিনি আরো বলেন, বিগত সরকারের সময় বিশ্ব ব্যাংকের সিদ্ধান্ত বাস্তবায়নের পরিকল্পনা চলছিল। তত্ত্বাবধায়ক সরকার হয়তো হয়তো সেই অসমাপ্ত কাজ সমাপ্ত করেতে চায় বলে তিনি সন্দেহ প্রকাশ করেন।
জাসদ সভাপতি হাসানুল হক ইনু বলেন, আমরা স্বল্পতম সময়ে নিরপেক্ষ নির্বাচন চাই। যেনো--তেনো নির্বাচন নয়। তবে সমাজ পরিষ্কারের নামে তত্ত্বাবধায়ক সরকার অনন্তকাল থাকবে তাও আমরা চাই না।
তিনি প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে বলেন, “চোর ধরার জন্য গোটা বাংলাদেশকে কারাগার বানাবেন না। জঙ্গিবাদের মদদদাতা ও মৌলবাদীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেন।”
তত্ত্বাবধায়ক সরকার আমেরিকার স্বার্থ দেখছে ÑÑএই ধারণা ব্যক্ত করে ওর্য়াকার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য হায়দার আকবর খান রনো সুশীল সমাজেরও তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, সুশীল সমাজও সরকারের সঙ্গে হাত মিলিয়েছে।
রাশেদ খান মেননের সভাপতিত্বে সভায় মূল প্রবন্ধ পাঠ করেন অধ্যাপক ইমতিয়াজ শামীম।
