২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাত নেতার আটকাদেশের বৈধতা দেখাতে বলেছে হাইকোর্ট

হুদা, মুন্সী, ম খা আলমগীর ও লোটাস কামালসহ বিএনপি ও আওয়ামী লীগের সাত নেতার আটকাদেশের বৈধতা দেখাতে সরকারের প্রতি রুল জারি করেছে হাইকোর্ট।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2007, 07:37 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

শনিবার মধ্যরাতে এসব নেতাকে গ্রেপ্তার করে বিশেষ ক্ষমতা আইনে আটকাদেশ দেওয়া হয় ।

বিএনপি নেতা ও সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদা, বিএনপির সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মঞ্জুরুল আহসান মুন্সী, আওয়ামী লীগ নেতা ও সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, সাবেক সাংসদ আ ন হ মোস্তফা কামাল, স্বেচ্ছাসেবক লীগ নেতা পঙ্কজ দেবনাথ, আওয়ামী লীগ সভানেত্রীর ব্যক্তিগত সহকারী ড. আওলাদ হোসেন ও ব্যক্তিগত কর্মচারী মাহমুদ হাসান বাবুলের পৃথক পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে বুধবার হাইকোর্ট সরকারের প্রতি এ রুল জারি করেন।

বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা ও বিচারপতি মো. এমদাদুল হকের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ আবেদনগুলো দায়ের করা হয়।

স্বরাষ্ট্র সচিব, স্বরাষ্ট মন্ত্রণালয়ের উপ--সচিব, ঢাকার জেলা প্রশাসক, পুলিশের বিশেষ শাখার পুলিশ সুপার ও ঢাকা কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষকে আগামী ১০ দিনের মধ্যে এই রুলগুলোর জবাব দিতে বলা হয়েছে।

একইসঙ্গে আটক এ সাত ব্যাক্তিকে কেন আদালতে হাজির করা হবে না এবং কেন তাকে মুক্তি দেওয়া হবে না সরকারকে তারও জবাব দিতে বলেছে হাইকোর্ট।

বুধবার সকালে নাজমুল হুদার মেয়ে অন্তরা সেলিনা হুদার আবেদনে বলা হয়েছে, গত ৪ ফেব্র“য়ারি তার বাবাকে তার বাসভবন থেকে পরোয়ানা ছাড়াই গ্রেপ্তার করে আইন--শৃংখলা বাহিনী। ৫ ফেব্র“য়ারি তাকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ওইদিনই তাকে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়।

আটকাদেশের অভিযোগে বলা হয়েছে, ব্যারিস্টার নাজমুল হুদা বাংলাদেশের নিরাপত্তা, জননিরাপত্তা ও জনশৃংখলা রক্ষণাবেক্ষণের কাজে ব্যাঘাত ঘটিয়েছেন। তিনি ক্ষতিকর কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ জনগণের মধ্যে ভীতি ও আতংক সৃষ্টি করেছেন। তিনি রাষ্ট্রের অর্থনৈতিক ক্ষতিকর কর্মকাণ্ডসহ বাংলাদেশের সার্বভৌমত্ব বা প্রতিরক্ষার জন্য ক্ষতিকর কাজে লিপ্ত রয়েছেন।

শুনানিতে অ্যাডভোকেট সিগমা হুদা বলেন, ব্যারিস্টার নাজমুল হুদার বিরুদ্ধে ঢালাও অভিযোগ এনে বেআইনি আটকাদেশ দেওয়া হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া আটকাদেশ দেওয়া যায় না। তাকে আটকাদেশের সুনির্দিষ্ট কারণ এখনও জানানো হয়নি।

তিনি আরও বলেন, নাজমুল হুদা পালিয়ে বেড়াননি, তবুও বাসভবনের বিদ্যুৎ সংযোগ কেটে চার ট্রাক নিরাপত্তাকর্মী নিয়ে ‘গেস্টাপো’ স্টাইলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বিএনপির একজন জনপ্রিয় নেতা। তাকে এভাবে গ্রেপ্তার ও আটকাদেশ দেওয়া বেআইনি হয়েছে।

মহিউদ্দিন খান আলমগীরের পক্ষে তার ভাই বোরহানউদ্দিন খান জাহাঙ্গীরের দায়ের করা আবেদনে বলা হয়েছে, গত ৪ ফেব্র্রুয়ারি মহিউদ্দিন খান আলমগীরকে তার বনানীর বাসভবন থেকে আইন -- শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এর পরদিন তাকে বিশেষ ক্ষমতা আইনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ৩০ দিনের আটকাদেশ দেয়। ম খা আলমগীরের বিরুদ্ধে জন--শৃঙ্খলায় ব্যাঘাত ঘটানোর অস্পষ্ট অভিযোগ আনা হয়েছে। বিশেষ ক্ষমতা আইনে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে আটকাদেশ দেওয়া যায় না। কিন্তু আটকাদেশের সুনির্দিষ্ট কারণ এখনো জানানো হয়নি। রাষ্ট্রের জন্য কোন ক্ষতিকর কাজের অভিযোগ ছাড়া কোনো ব্যক্তির ব্যক্তি স্বাধীনতা খর্ব করা যায় না।

লোটাস কামালের পক্ষে তার ভাই গোলাম সারোয়ারের দায়ের করা আবেদনে বলা হয়েছে, লোটাস কামালকে গত ৪ ফেব্র“য়ারি গ্রেফতারের পর ৫ ফেব্র“য়ারি বেআইনিভাবে ৩০ দিনের আটকাদেশ দেওয়া হয়। মহিউদ্দিন খান আলমগীর ও লোটাস কামালের পক্ষে মামলা পরিচালনা করেন ব্যারিস্টার আমীর উল ইসলাম ও ব্যারিস্টার মনিরুজ্জামান আসাদ।

মঞ্জুরুল আহসান মুন্সীর পক্ষে তার ছেলে ব্যারিস্টার রিজভী উল আহসান মুন্সীর দায়ের করা আবেদনে বলা হয়েছে, কুমিল¬া -- ৪ আসনের বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সীকে গত ৪ ফেব্র“য়ারি রাতে তার ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরদিন তাকে একমাসের আটকাদেশ দেওয়া হয়। তার পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট শ ম রেজাউল করিম।

পঙ্কজ দেবনাথ, ড. আওলাদ ও বাবুলের পক্ষেও একইরকম আবেদন আদালতে উপস্থাপন করেন আবদুল বাসেত মজুমদার।