২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছে তরিকুল পরিবার

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যৌথবাহিনীর হাতে আটক সাবেক বন ও পরিবেশ মন্ত্রী এবং দলের সহ সভাপতি তরিকুল ইসলামের পরিবারের সদস্যদেরকে মঙ্গলবার বনানীর হাওয়া ভবনে ডেকে তাদের সঙ্গে কথা বলেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Feb 2007, 08:50 PM

Updated : 26 Apr 2022, 02:01 PM

এ সময় সাবেক প্রধানমন্ত্রী তরিকুল ইসলামের পরিবারের সদস্যদের সান্ত্বনা এবং প্রয়োজনীয় আইনী সহায়তা দেওয়ার আশ্বাস দেন।

তরিকুল ইসলামের ছেলে শান্তুনু ইসলাম সুমিত তার বাবার সার্বিক অবস্থার কথা দলের চেয়ারপারসনকে জানান।

সাক্ষাতকালে দলের মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, সহ সভাপতি এম কে আনোয়ার, যুগ্ম মহাসচিব আব্দুল্লাহ আল নোমান, মেজর (অব.) জেড এ খান, নজরুল ইসলাম খান, দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি, সহ দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

সোমবার রাতে যৌথবাহিনী যশোর শহরের বাসা থেকে তরিকুল ইসলামকে আটক করে। এসময় তিনি অসুস্থ ছিলেন বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা।

মঙ্গলবার আদালত তাকে এক মাসের আটকাদেশ দিয়ে যশোর কারা হাসপাতালে ভর্তির নির্দেশ দেন।

এদিকে অন্যান্য দিনের মতো মঙ্গলবার সন্ধ্যায়ও খালেদা জিয়া হাওয়া ভবনে আসেন। এসময় তিনি দলের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট খন্দকার দেলোয়ার হোসেন, চৌধুরী তানভির আহমেদ সিদ্দিকী, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলামসহ সিনিয়র নেতাদের সঙ্গে সাংগঠনিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এ ছাড়াও ময়মনসিংহ, কুমিল্লা, ফরিদপুর ও মাদারীপুরের কয়েকজন সাবেক সাংসদ খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।