ভোটার পরিচয়পত্র ও স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি এবং ভোটার তালিকা হালনাগাদ করা হবে:সিইসি
অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে ভোটার পরিচয়পত্র ও স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি এবং ভোটার তালিকা হালনাগাদ করা হবে। শপথ নেওয়ার পরপরই সাংবাদিকদের একথা জানিয়ে দিলেন প্রধান নির্বাচন কমিশনার এ টি এম শামসুল হুদা।
সিইসি ড. এ টি এম শামসুল হুদা এবং ইসি মুহাম্মদ ছহুল হোসেইনকে সোমবার দুপুরে নিজের খাস কামরায় শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেন।
শপথ নেওয়ার পর সিইসি শামসুল হুদা সাংবাদিকদের বলেন, “নির্বাচন কমিশনের বিধিগুলো পরিবর্তন করবো। সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া আমার লক্ষ্য।”
স্বচ্ছ ব্যালট বাক্স, ভোটার পরিচয়পত্র এবং ভোটার তালিকা হালনাগাদ করা হবে জানিয়ে তিনি বলেন, নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে তিনি এ বিষয়ে কর্মপন্থা ঠিক করবেন।
শপথ অনুষ্ঠানে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব মোহাম্মদ জকরিয়া এবং সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার মোহ্মাদ ফজলুল করিম উপস্থিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার পদে সাবেক পানি সম্পদ সচিব ড. এ এটি এম শামসুল হুদা এবং নির্বাচন কমিশনার পদে সাবেক আইন সচিব মুহাম্মদ ছহুল হোসেইনকে ৪ ফেব্র“য়ারি নিয়োগ দেওয়া হয়।
৩১ জানুয়ারি ভারপ্রাপ্ত সিইসি বিচারপতি মাহফুজুর রহমানসহ পাঁচ নির্বাচন কমিশনার একযোগে পদত্যাগ করলে কমিশনার শূন্য হয়ে পড়ে নির্বাচন কমিশন।
এর আগে প্রধান নির্বাচন কমিশনার বিচারপতি এম এ আজিজ গত ২১ জানুয়ারি ছুটিতে থাকা অবস্থায় পদত্যাগ করেন।
১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি হওয়ার পর প্রথমে ২২ জানুয়ারির নির্বাচন স্থগিত এবং পরে ২১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে এই নির্বাচন বাতিল করা হয়।
