২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিনিয়র নেতাদের আটকে বিএনপি উদ্বিগ্ন

যৌথবাহিনীর অভিযানে শনিবার রাতে দলের শীর্ষ পর্যায়ের কয়েকজন নেতাকে আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2007, 10:14 PM

Updated : 26 Apr 2022, 02:00 PM

দলের মহাসচিব আবদুল মান্নান ভূইয়া এক বিবৃতিতে বলেছেন, “সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া এ ধরনের কার্যক্রম জনমনে ভীতি ও শঙ্কা সৃষ্টি করে।”

এদিকে, সর্বশেষ পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় দলের সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি আটক নেতাদের পরিবারের সদস্যদের হাওয়া ভবনে ডেকে নিয়ে সান্ত্বনা দেন।

মান্নান ভূইয়া রোববার দেওয়া বিবৃতিতে সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া কাউকে হয়রানি না করতে এবং গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানান।

তিনি বলেন “কারো ন্যায়বিচার পাওয়ার আইনগত অধিকার যাতে কোনওভাবেই লঙ্ঘিত না হয়, সে ব্যাপারে সংশ্লিষ্ট সবার সজাগ থাকা প্রয়োজন।”

চার দলীয় জোটের শাসনামলে সন্ত্রাস ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠায় গৃহিত‘ পদক্ষেপের ’কথা তুলে ধরে তিনি বলেন, “মহল বিশেষের উদ্দেশ্যমূলক প্রচারণায় প্রভাবিত না হয়ে যথাপোযুক্ত তথ্য প্রমাণের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে এটাই জনগণ প্রত্যাশা করে।”

বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে দলের আটক নেতাদের তালিকায় ব্যারিস্টার নাজমুল হুদা, সালাহউদ্দিন কাদের চৌধুরী, আমান উল্লাহ আমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন, ইকবাল হাসান মাহমুদ টুকু, অ্যাড রুহুল কুদ্দুস তালুকদার দুলু, মঞ্জুরুল আহসান মুন্সী, আব্দুল ওয়াদুদ ভূইয়া, এম নাসের রহমান ও ফিরোজ মিয়ার নাম আছে।

এদিকে, সন্ধ্যা ৭টায় বনানীর হাওয়া ভবনে খালেদা জিয়া বৈঠক করেন দলের সিনিয়র নেতাদের সঙ্গে। বৈঠকে বিএনপি মহাসচিব আবদুল মান্নান ভূঁইয়া, স্থায়ী কমিটির সদস্য অ্যাড. খন্দকার দেলোয়ার হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম শামসুল ইসলাম,'চৌধুরী আনভীর আহমেদ সিদ্দিকী ,সাবেক মন্ত্রী ড. ওসমান ফারুক, মেজর (অব.) কামরুল ইসলাম, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, রিয়াজ রহমান, বিচারপতি টি এইচ খান, মেয়র সাদেক হোসেন খোকা, যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম খান, বিচারপতি হাবিবুল ইসলাম ভূঁইয়া, মেজর (অব.) জেড এ খান প্রমুখ উপস্থিত ছিলেন।

আটক নেতাদের মুক্তির ব্যাপারে আইনগত প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে দলীয় সূত্র জানায়। এছাড়া বর্তমান পরিস্থিতে দলীয় কৌশল নিয়েও সেখানে আলোচনা হয়েছে।

এর পর রাত ৯টার দিকে গ্রেপ্তারকৃত নেতাদের পরিবারের সদস্যরা হাওয়া ভবনে খালেদা জিয়ার সঙ্গে দেখা করেন।

বিএনপি চেয়ারপারসন তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত শোনেন এবং সান্ত্বনা দেন।

ব্যারিস্টার নাজমুল হুদার মেয়ে অন্তরা হুদা, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছোট ছেলে হুম্মাম কাদের চৌধুরী, আমানউল্লা আমানের স্ত্রী সাবেরা আমান ও ছেলে ইরফান ইবনে আমান, মেয়ে নাফিজা আমান, মীর নাছিরের ছেলে ব্যারিস্টার মীর হেলাল, ইকবাল হাসান মাহমুদের ছেলে আবেদ হাসান মাহমুদ ও মুন্সি মঞ্জুরুল আহসানের ছেলে ব্যারিস্টার রিজভী উল হাসান ও ওয়াদুদ ভূঁইয়ার স্ত্রী আইরিন মাহবুব এ সময় উপস্থিত ছিলেন।