ঢাকা, ডিসেম্বর ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নির্বাচন থেকে তাকে সরিয়ে রাখার জন্যই 'পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে' মামলা দেওয়া হয়েছে বলে আবারও আশংকা প্রকাশ করেছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। দুর্নীতির অভিযোগে বিচারের সম্মুখীন সাবেক প্রধানমন্ত্রীর আইনজীবীরা সোমবার একথা জানান।
হাসিনার আইনজীবীরা বলেছেন ,যেসব আলামতের ভিত্তিতে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে তাতে অভিযোগ গঠনের কোনো উপাদান নেই।
আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলার কার্যক্রম শেষে সোমবার বিকেলে বিশেষ এজলাসের বাইরে সাংবাদিকদের তারা এসব কথা বলেন।
ব্যারিস্টার শফিক আহমেদ বলেন,"যে সব আলামত ও কাগজপত্রের ওপর ভিত্তি করে এই মামলা দায়ের করা হয়েছে সেগুলো এতদিন দেখতে দেওয়া হয়নি বলে আজকে (সোমবার) আমাদের দেখতে দেওয়া হয়েছে। আমরা এখন পর্যন্ত কাগজপত্র যা দেখেছি তাতে এ মামলায় অভিযোগ গঠনের কোনো ভিত্তি দেখিনি।"
তিনি বলেন,"কাগজপত্রে দেখা গেছে আইনসঙ্গত ভাবেই সংশ্লিষ্ট বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের জন্য চুক্তি করা হয়। প্রভাব খাটিয়ে চাঁদা আদায়ের কোনো জায়গা সেখানে ছিল না।"
কিছু কিছু আলামতের ওপর 'ঘষামাজা' করা হয়েছে বলে ব্যারিস্টার শফিক আহমেদ জানান। তিনি বলেন,"এখনো অনেক আলামত দেখা বাকি রয়েছে। আগামীকাল বাকিগুলো দেখে এ মামলা থেকে আসামিদের অব্যহতি দেওয়ার আবেদন জানাবো আমরা।"
পরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আব্দুল মান্নান বলেন,"আওয়ামী লীগ সভানেত্রী এখনো মনে করেন, তাকে নির্বাচন থেকে সরিয়ে রাখার জন্য পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা করা হয়েছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/পিসি/এসকে/২১৪৬ঘ.
bdnews24