ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং ফুফাতো ভাই শেখ ফজলুল করিম সেলিমের বিরুদ্ধে ব্যবসায়ী আজম জাহাঙ্গীর চৌধুরীর চাঁদাবাজি মামলায় অভিযোগ গঠনের শুনানি আবারও শুরু হচ্ছে সোমবার ।
গত ২৬ ডিসেম্বর মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আজিজুল হক এ দিন ধার্য করেন।
ওই দিন সংসদ ভবন এলাকায় স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে মামলাটির শুনানি শুরু হয়। শুরুর দিন রাষ্ট্রপক্ষের প্রধান কৌসুলি অ্যাডভোকেট এ বি এম শরফুদ্দিন আহমেদ খান মুকুল আসামীদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পর্কে আদালতকে অবহিত করেন। একই সঙ্গে মামলাটির অভিযোগ গঠন করে বিচার কাজ শুরুর জন্য আবেদন জানান।
এ মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী সৈয়দ রেজাউর রহমান রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"রাষ্ট্রপক্ষ মামলার আলামত হিসেবে যেসব নথিপত্রের কথা বলেছেন সেগুলো দেখে সোমবার আমরা শুনানিতে অংশ নেব।"
এর আগে ৯ ডিসেম্বর মামলাটির বিচার কাজ তিন মাসের জন্য স্থগিত করেছিল হাইকোর্ট। একই সঙ্গে বিশেষ এজলাসে মামলাটি স্থানান্তরের ওপরও নিষেধাজ্ঞা দেয় আদালত। ওই আদেশের বিরুদ্ধে সরকার পক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সুপ্রিমকোর্ট গত ১৩ ডিসেম্বর হাইকোর্টের আদেশ স্থগিত করে দেয়।
বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের কাজ পাইয়ে দেয়ার বিনিময়ে প্রায় ৩ কোটি টাকা চাঁদা নেয়ার অভিযোগে ব্যবসায়ী আজম জে চৌধুরী ১৩ জুন শেখ হাসিনা ও শেখ সেলিমের বিরুদ্ধে গুলশান থানায় মামলাটি করেন।
শেখ হাসিনাকে ১৬ জুলাই ভোরে সুধাসদন থেকে আটক করার পর এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত। এর আগেই গ্রেপ্তার হন শেখ ফজলুল করিম সেলিম। ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।
২৪ জুলাই মামলার অভিযোগপত্রে প্রধান দুই আসামীর পাশাপাশি শেখ রেহানাকেও আসামি করা হয়। শেখ হাসিনা ও শেখ সেলিম কারাগারে রয়েছেন। যুক্তরাজ্যপ্রবাসী শেখ রেহানাকে অভিযোগপত্রে 'পলাতক' দেখানো হয়েছে।
ভারপ্রাপ্ত আইন সচিব ২৬ নভেম্বর নিরাপত্তাগত কারণ দেখিয়ে জাতীয় সংসদ ভবন এলাকায় বিশেষ এজলাস বসিয়ে মামলাটির বিচারের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেন। একই সঙ্গে ঢাকার মহানগর দায়রা জজ এবং পাঁচজন বিশেষ পিপিও নিয়োগ করে আইন মন্ত্রণালয় ।
৩ ডিসেম্বর সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাটির বিচার কাজ শুরু হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৬১৪ঘ.
bdnews24