ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাবেক প্রতিমন্ত্রী এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) নেতা রেদোয়ান আহম্মেদ জামিনে মুক্তি পাওয়ার পর পুলিশ আবার তাকে গ্রেপ্তার করেছে।
শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রিজন সেল থেকে মুক্তি পাওয়ার পর শাহবাগ থানা পুলিশ তাকে আটক করে।
শাহবাগ থানার দ্বিতীয় শীর্ষ কর্মকর্তা আখতার মোর্শেদ শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মুক্তি পাওয়ার পর বাইরে এসে জরুরি ক্ষমতা বিধিমালা ভঙ্গ করতে পারেন এরকম সংবাদের পরিপ্রেক্ষিতে ১৬/২ ধারায় রেদোয়ান আহম্মেদকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বর্তমানে আমাদের হেফাজতে আছেন। আগামীকাল (শনিবার) তাকে আদালতে হাজির করা হবে।"
উপ মহা কারাপরিদর্শক মেজর শামসুল হায়দার সিদ্দিকী বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "উচ্চ আদালত থেকে পাওয়া জামিনের কাগজ হাতে পাওয়ার পর সন্ধ্যায় রেদোয়ান আহম্মেদকে প্রিজন সেল থেকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশ তাকে আটক করেছে বলে শুনেছি। এর বেশি কিছু আমার জানা নেই।"
রেদোয়ান আহম্মেদের আইনজীবী আব্দুল্লাহ মাহমুদ হাসান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তার বিরুদ্ধে তিনটি মামলা বিচারাধীন আছে। এর মধ্যে লাইসেন্সবিহীন মদ রাখার অভিযোগ একটি এবং মুক্তিযোদ্ধা সংসদের টাকা আত্মসাতের অভিযোগে অপর একটি মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পান। সর্বশেষ জরুরি ক্ষমতা বিধিমালায়ও তিনি উচ্চ আদালত থেকে জামিন পান।
গত ২৬ জুন গভীর রাতে এলডিপির আরেক নেতা এমএ জিন্নাহর বাসায় দলের সভাপতিমণ্ডলীর বৈঠক শেষে নিজ বাসায় ফেরার পথে যৌথবাহিনীর সদস্যরা রেদোয়ান আহম্মেদকে গ্রেপ্তার করে। পরে তার বিরুদ্ধে উত্তরা থানায় জরুরি ক্ষমতা বিধিমালায় একটি মামলা দায়ের করে পুলিশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এসকে/২৩০২ঘ.
bdnews24