২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'যুদ্ধাপরাধীর বিচার প্রশ্নে টালবাহানা মেনে নেওয়া হবে না'

যুদ্ধাপরাধীর বিচার প্রশ্নে কোনো 'টালবাহানা' মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। দলের নেতৃবৃন্দ বলেছেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীর বিচারে বর্তমান সরকার 'গড়িমসি' করলে এর বিরুদ্ধে তারা আন্দোলনের কর্মসূচি দেবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 04:02 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীর বিচার প্রশ্নে কোনো 'টালবাহানা' মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা। দলের নেতৃবৃন্দ বলেছেন, বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে যুদ্ধাপরাধীর বিচারে বর্তমান সরকার 'গড়িমসি' করলে এর বিরুদ্ধে তারা আন্দোলনের কর্মসূচি দেবেন। বৃহস্পতিবার দুপুরে রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বাম গণতান্ত্রিক মোর্চার সমন্বয়ক খালেকুজ্জামান ওই হুঁশিয়ারি দেন। তিনি জোরালো ভাষায় বলেন,'' কোনো অজুহাতে যুদ্ধাপরাধীর বিচারের দাবি পাশ কাটানো যাবে না। বর্তমান তত্ত্বাবধায়ক সরকার যুদ্ধাপরাধীর বিচারের গণদাবিকে কৌশলে পাশ কাটাতে চাইছে। বিদ্যমান সংবিধানের আলোকে ইন্টারন্যাশনাল ওয়ার ক্রিমিনাল অ্যাক্টের আওতায় বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে তাদের বিচার করতে হবে। এ নিয়ে কোনো শৈথিল্য গ্রহণযোগ্য নয়।" খালেকুজ্জামান সকল বাম প্রগতিশীল শক্তিকে যুদ্ধাপরাধীর বিচারের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারস ফোরামসহ বিভিন্ন সংগঠন মাঠে আছে মন্তব্য করে তিনি বলেন, "আমরা সকলে ঐক্যবদ্ধভাবে কর্মসূচি দিতে বাধ্য হব।" সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গণতান্ত্রিক মজদুর পার্টির অ্যাডভোকেট আব্দুস সালাম, বিপ্লবী ঐক্যফ্রন্টের মোশরেফা মিশু, গণসংহতির জোনায়েদ সাকি, ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, সিপিবি'র বদরুল আলম, গণতান্ত্রিক আন্দোলনের হামিদুল হক, সাম্যবাদী দলের সাইফুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের টিপু বিশ্বাস প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২১৪৩ঘ.