ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -পুরাকীর্তি খোয়া যাওয়ার ঘটনায় পদত্যাগ করায় সংস্কৃতি উপদেষ্টা আইয়ুব কাদরীরকে স্বাগত জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। র্যাংগস ভবন দুর্ঘটনায় শ্রমিক নিহত হওয়ার দায় নিয়ে পূর্ত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন পদত্যাগ করলে একইভাবে স্বাগত জানাবেন বলেও মন্তব্য করেছেন তিনি।
বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ কমিটির বৈঠক শেষে সুরঞ্জিত সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি বলেন, "সংস্কৃতি উপদেষ্টা পদত্যাগ করেছেন, আমরা তাকে স্বাগত জানাই। আমরা শুনেছি, জাহাজ ভাঙার শ্রমিক দিয়ে র্যাংগস ভবন ভাঙার কাজ চলছিল। এর দায় নিয়ে পূর্ত মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন যদি পদত্যাগ করে দৃষ্টান্ত স্থাপন করেন তাহলে তাকেও আমরা স্বাগত জানাব।"
দলের সভাপতিমণ্ডলীর সদস্য ও ত্রাণ কমিটির চেয়ারম্যান আব্দুর রাজ্জাক জানান, আওয়ামী লীগের দ্বিতীয় পর্যায়ের ত্রাণ বিতরণ শেষ হয়েছে। এখন তৃতীয় পর্যায়ের কর্মসূচির অংশ হিসাবে পুনর্বাসন কাজে হাত দেওয়ার চিন্তা-ভাবনা চলছে। এজন্য কিছু নির্দিষ্ট জায়গায় বেশি ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য 'প্রতীকী পুনর্বাসনের ব্যবস্থা' নেওয়া হবে। এর দায়িত্ব দেওয়া হবে কৃষক লীগকে।
আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে এ বৈঠকে উপস্থিত ছিলেন তোফায়েল আহমদ, মতিয়া চৌধুরী, সৈয়দ আশরাফুল ইসলাম, মুকুল বোস, আব্দুল মান্নান, মাহমুদুর রহমান মান্না, আকতারুজ্জামান, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, আব্দুল মান্নান খান, ফারুক খান, নাজমা রহমান প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএ/১৮৪২ ঘ.
bdnews24