২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাবেক প্রতিমন্ত্রী সালাউদ্দিনের বিরুদ্ধে ঘুষ মামলার রায় ১০ জানুয়ারি

বিএনপি নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সাবেক সাংসদ জি কিউ বলপেন ইন্ড্রাস্ট্রির মালিক কাজী সালিমুল হকের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় রায় দেয়া হবে আগামী ১০ জানুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Dec 2007, 12:00 PM

Updated : 26 Aug 2022, 09:09 PM

ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি নেতা সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন আহমেদ ও সাবেক সাংসদ জি কিউ বলপেন ইন্ড্রাস্ট্রির মালিক কাজী সালিমুল হকের বিরুদ্ধে এক কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে দায়ের করা মামলায় রায় দেয়া হবে আগামী ১০ জানুয়ারি। বৃহস্পতিবার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মো. আশরাফ হোসেন রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্কের পর রায় দেয়ার এ তারিখ নির্ধারণ করেন। ঘুষ গ্রহণে সালাউদ্দিনকে সহযোগিতার অভিযোগে এ মামলায় সালিমুল হককে আসামি করা হয়েছে। সালিমুল হক বর্তমানে পলাতক রয়েছেন। যুক্তিতর্কে আসামি পক্ষের আইনজীবী ড. আজিজুর রহমান চৌধুরী আদালতের কাছে সালাউদ্দিন আহমেদকে নির্দোষ দাবি করেন। একই সঙ্গে বিভিন্ন যুক্তি তুলে ধরে বলেন,"রাষ্ট্রপক্ষ এ মামলা প্রমাণ করতে ব্যর্থ হয়েছে। সুতরাং আসামিকে মুক্তি দেয়া হোক।" জবাবে রাষ্ট্রপক্ষের আইনজীবী মোশাররফ হোসেন কাজল আদালতকে বলেন, "সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্যে আদালতের কাছে আমরা আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ করতে পেরেছি। আমি তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করছি।" ২৯ মে শাহবাগ থানায় ঘুষ গ্রহণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক শফিকুল ইসলাম সালাউদ্দিন আহমেদ ও সালিমুল হকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। মামলায় অভিযোগে বলা হয়েছে, ২০০৫ সালের ১৪ ফেব্র"য়ারি এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেনের বড় ভাই ও ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আক্তার হোসেন লিমিটেডের মালিক মীর জাহির হোসেনের কাছ থেকে কাজ পাইয়ে দেয়ার জন্য এক কোটি টাকা ঘুষ নেন সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাউদ্দিন। তবে ওই ঘুষের টাকা লেন-দেন হয় সালিমুল হকের ব্যাংক হিসাবের মাধ্যমে। ২৮ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেয়া শুরু হয় ৩১ অক্টোবর থেকে। রাষ্ট্রপক্ষে ২৬ জন সাক্ষী মামলাটিতে সাক্ষ্য দেয়। ৬ ফেব্র"য়ারি গুলশানের 'ন্যাম ভিলা' থেকে সালাউদ্দিনকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী। মীর জাহির হোসেনের কাছ থেকে দুই কোটি ৪০ লাখ টাকা ঘুষ নেয়ার অপরাধে গত ২৭ আগস্ট সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদার সাত বছর এবং এ কাজে সহযোগিতার দায়ে তার স্ত্রী সিগমা হুদাকে ৩ বছরের কারাদণ্ড দেয় আদালত। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/এমএ/১৭৫৬ঘ.