কক্সবাজার, ডিসেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারে ছবিযুক্ত ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ শুরু হয়েছে। বুধবার সকালে শহরের কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান ও সেনা কর্মকর্তা লেফট্যানেন্ট কর্নেল আনিসুর রহমান।
মিয়ানমার থেকে আগত রোহিঙ্গা শরণার্থীরা যাতে ভোটার হতে না পারে সেজন্য প্রশাসনকে সতর্ক করা হয়েছে বলে জেলা প্রশাসক ও সেনা কর্মকর্তা জানিয়েছেন।
একই দিন জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে রোহিঙ্গা সমস্যা বিষয়ক আন্তঃসংস্থা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রোহিঙ্গারা যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে না পারে সেজন্য উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি করা হয়েছে বলে জানানো হয়।
জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান, পুলিশ সুপার বনজ কুমার মজুমদার, লে. কর্নেল আনিসুর রহমান ও জেলা প্রশাসকের স্ত্রী লায়লা আরজুমানের ছবি তোলার মধ্যদিয়ে ভোটারদের ছবি তোলার কার্যক্রম শুরু হয়।
কক্সবাজার সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, প্রথম দফায় কক্সবাজার পৌরসভার ১৩টি কেন্দ্রে ছবি তোলা হচ্ছে। ১ জানুয়ারি এই ১৩টি কেন্দ্রে ছবি তোলার কাজ শেষ হবে।
কক্সবাজার শহরের ভোটার নিবন্ধন কেন্দ্রগুলো হল- কক্সবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, কক্সবাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, ডি ওয়ার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়, কক্সবাজার টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ, টেকপাড়া আমেনা খাতুন উচ্চ বিদ্যালয়, কস্তুরাঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, টেকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উমিদিয়া মাদ্রাসা, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, পেশকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও শহীদ তিতুমীর ইনস্টিটিউট।
ভোটার তালিকা ও জাতীয় পরিচয়পত্র তৈরির কার্যক্রম উদ্বোধন করে সেনা কর্মকর্তা লে. কর্নেল আনিসুর রহমান বলেন, "কোন অবস্থাতেই রোহিঙ্গাদের ভোটার করা হবে না। যেসব রোহিঙ্গা এর আগে ভোটার তালিকায় নিজেদের নাম তুলেছিলেন এবার যেন তারাও ভোটার না হতে পারে সেদিকে নজর রাখা হবে।"
তিনি বলেন, ছবিযুক্ত ভোটার তালিকা তৈরির কাজ একটি যুগান্তকারী পদক্ষেপ। সবাইকে এটি বাস্তবায়নে এগিয়ে আসতে হবে।
কক্সবাজার পৌরসভা ও সদর উপজেলা এলাকায় সেনাবাহিনীর ১৭ ইসিবি (ইঞ্জিনিয়ারিং কনসট্রাকশন ব্যাটেলিয়ন) ভোটার তালিকা তৈরির দায়িত্ব পালন করবে। মেজর ওবায়েদুর রহমান পৌরসভার ১৩টি কেন্দ্রের ভোটারদের ছবি তোলার কার্যক্রমের দায়িত্বে রয়েছেন।
প্রথম ছবি তুলে ভোটার হওয়ার পর জেলা প্রশাসক সাজ্জাদুল হাসান জানান, রোহিঙ্গাদের কোন অবস্থাতেই ভোটার করা হবে না। এ ব্যাপারে প্রশাসন সতর্ক রয়েছে।
সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহাদাত হোসেন জানান, কক্সবাজার পৌর এলাকায় ২৫ ডিসেম্বর পর্যন্ত ২১ হাজার ভোটারের তথ্য সংগ্রহ করা হয়েছে।
এদিকে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও রোহিঙ্গা বিষয়ক কমিটির আহ্বায়ক এ এফ এম নুরুস সাফা চৌধুরীর সভাপতিত্বে রোহিঙ্গা সমস্যা বিষয়ক আন্তঃসংস্থা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় যুগ্ন-সচিব নুরুস সাফা চৌধুরী বলেন, "আমাদের সবার মধ্যেই দেশ প্রেম রয়েছে। আমাদের দেশে অন্য কোন দেশের নাগরিক ভোটার হতে গেলে তা আমরাই প্রতিরোধ করব।"
এ ব্যাপারে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩০ ঘ.
bdnews24