ভোলা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্যোগ মোকাবেলায় সশস্ত্রবাহিনী ও প্রশাসনের কার্যক্রমের প্রশংসা করেছেন সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা নেতা অধ্যাপক এ কিউ এম বদরুদ্দৌজা চৌধুরী।
মঙ্গলবার দুুপুরে ভোলায় ত্রাণ বিতরণকালে বি চৌধুরী বলেন, "দক্ষিণাঞ্চলে দুর্যোগ মোকাবেলায় আমাদের সশস্ত্র বাহিনী ও প্রশাসন যেভাবে কাজ করেছে, তা প্রশংসনীয়। আমরা যারা রাজনীতি করি তাদেরও সবকিছু পরিহার করে অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়ানো উচিৎ।''
বি চৌধুরী ভোলার বাংলা বাজারে ফাতেমা খানম কলেজ মাঠে তার দলের পক্ষ থেকে দুর্গতদের মধ্যে শীতের কাপড়, কম্বল ও নলকূপ বিতরণকালে এ কথা বলেন। তিনি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য কৃষি পুনর্বাসনের দীর্ঘমেয়াদি ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবি জানান।
অনুষ্ঠানে অধ্যাপক বি চৌধুরীকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা তোফায়েল আহমেদ। ভোলা তোফায়েলের নির্বাচনী এলাকা।
আবু আজম খানের সভাপতিত্বে এ ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিকল্পধারার স্থানীয় নেতা অধ্যক্ষ আবদুর রশীদ, অধ্যক্ষ আফসার উদ্দিন বাবুল প্রমুখ উপস্থিত ছিলেন। বি চৌধুরী ১২০০ সোয়েটার, ৩ শ' কম্বল ও ২৫টি নলকূপ বিতরণ করেন।
অধ্যাপক বি চৌধুরী, মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আবদুল মান্নানসহ নেতৃবৃন্দ বেসরকারি হেলিকপ্টারে ভোলা যান।
ভোলায় ত্রাণ বিতরণ শেষে বি চৌধুরী লক্ষ্মীপুরে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, মেঘনা তীরবর্তী রামগতি উপজেলার ভাঙন কবলিত সাহেবেরহাট এলাকায় যান। সেখানে নদী ভাঙন ঠেকাতে ব্লক ফেলার কাজ উদ্বোধন করেন তিনি।
বিকল্পধারার কেন্দ্রীয় নেতা আব্দুল মান্নানের আর্থিক সহায়তায় এবং এলাকাবাসীর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ভাঙন প্রতিরোধের এ কাজ শুরু হয়েছে।
মেঘনা পারের মানূষদের আবাসভূমি রক্ষায় নদীভাঙন প্রতিরোধের পদক্ষেপ নেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বি চৌধুরী।
ভোলা ও লক্ষ্মীপুরের পর বি চৌধুরী বাগেরহাটে ঘূর্ণিদুর্গত এলাকায় যান।
বাগেরহাট প্রতিনিধি জানান, সিডর বিধ্বস্ত কয়েকটি এলাকা ঘুরে মঙ্গলবার বিকালে বি চৌধুরী স্থানীয় সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়সভায় অংশ নেন।
তিনি উপকূলের আশ্রয়হীন ও নিঃস্ব মানুষের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে টেকসই আবাসনের ব্যবস্থা করার আহ্বান জানান। পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষদের নিজের পেশায় ফিরিয়ে নিতে স্বল্প সুদে দীর্ঘ মেয়াদী ঋণ দেয়ার পরামর্শ দেন তিনি।
এর আগে সদর উপজেলার বেমরতা ইউনিয়নের বৈটপুর ভদ্রপাড়া গ্রামে অগভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজ উদ্বোধন করেন বি চৌধুরী। বিকল্প ধারার পক্ষ থেকে বাগেরহাটের বিভিন্ন এলাকায় একশটি অগভীর নলকূপ স্থাপনের কাজ চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এসকে/এমআই/১৯১৯ ঘ.
bdnews24