ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রুথ কমিশনের আওতায় শুধু ব্যবসায়ীরা নয়, রাজনীতিবিদরাও আসতে পারবেন বলে জানিয়েছেন আইন উপদেষ্টা মইনুল হোসেন।
সোমবার সকালে আইন মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপের সময় তিনি এসব বলেন বলেন, "ট্রুথ কমিশন নিয়ে দ্বিমত রয়েছে; তবে এটা সরকারের সক্রিয় বিবেচনাতেও আছে। এ কমিশনের আওতায় শুধু ব্যবসায়ীরা নয়, রাজনীতিবিদরাও সুযোগ নিতে পারবেন।"
ট্রুথ কমিশন নিয়ে ভিন্নমত বা দ্বিমতের কারণে কমিশন গঠনের প্রক্রিয়া ব্যাহত হবে না বলেও মন্তব্য করেন আইন উপদেষ্টা।
উপদেষ্টা আরো বলেন, "আমি ব্যক্তিগতভাবে মনে করি, অনেক আগেই ট্রুথ কমিশন গঠন করার প্রয়োজন ছিল। কেউ কেউ এর সঙ্গে যে দ্বিমত পোষণ করছেন তা ঠিক নয়।"
তিনি বলেন, "বর্তমান সরকার চেষ্টা করছে বিদেশে পাচার হয়ে যাওয়া টাকা ফিরিয়ে আনতে আর তা ফেরত আনার জন্য এ ধরনের কমিশনের প্রয়োজন রয়েছে।"
ট্রুথ কমিশনের মাধ্যমে ব্যবসায়ীদের বিভিন্ন অভিযোগের তাড়াতাড়ি নিষ্পত্তি হবে - এ আশাবাদ ব্যক্ত করে ব্যারিস্টার মইনুল বলেন, "আমি চাই ব্যবসায়ীরা দ্রুত তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড শুরু করুক।"
তিনি জানান, ট্রুথ কমিশনের সুযোগ শুধু ব্যবসায়ীরা পাবে, অন্য কেউ কেন পাবে না- এ ধরনের লেখালেখি শুরু হওয়ার পর থেকে রাজনীতিবিদদেরও এ কমিশনের আওতায় আনার চিন্তাভাবনা শুরু হয়।
তবে খসড়াটি এখনো আইন মন্ত্রণালয়ে আসেনি জানিয়ে তিনি বলেন, "আমি জানি বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনায় আছে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/এএল/এসি/১২২৭ ঘ.
bdnews24