২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোটের আগের দিন পর্যন্ত ভোটার হওয়া যাবে: সাখাওয়াত হোসেন

কেউ প্রথম পর্যায়ে তৈরি ভোটার তালিকা থেকে বাদ পড়লে ভোট নেওয়ার আগের দিন পর্যন্ত তাকে ভোটার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2007, 03:48 PM

Updated : 26 Aug 2022, 09:08 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কেউ প্রথম পর্যায়ে তৈরি ভোটার তালিকা থেকে বাদ পড়লে ভোট নেওয়ার আগের দিন পর্যন্ত তাকে ভোটার করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন। রোববার কমিশন কার্যালয়ে তিনি সাংবাদিকদের বলেন, "বাদ পড়ে যাওয়া ভোটাররা সহকারী রেজিস্ট্রেশন অফিসারের (এআরও) সহযোগিতায় উপজেলা, থানা বা জেলা নির্বাচন অফিসে গিয়ে ভোটার হতে পারবেন।" ভোট নেওয়ার আগের দিন পর্যন্ত তাদের ভোটার করার কাজ চলবে বলেও জানান তিনি। এদিকে ঈদ ও বড়দিনের ছুটির পর ২৬ ডিসেম্বর থেকে ঢাকা সিটি করপোরেশন এলাকায় (ডিসিসি) ভোটার তালিকা তৈরির কাজ আবার শুরু হবে। কাজের অগ্রগতি সম্পর্কে কমিশনার জানান, সারাদেশে ডিসেম্বর পর্যন্ত ১ কোটি ৬৬ লাখ ৬১৭ জনকে তালিকাভুক্ত করা হয়েছে। আর ঢাকা সিটি করপোরেশন এলাকায় তালিকাভুক্ত করা হয়েছে ১২ লাখ ৩৮ হাজার ৬২৭ জনকে। সাখাওয়াত হোসেন বলেন, "আমরা আশা করছি, জানুয়ারির প্রথম সপ্তাহের মধ্যে দেশের ২৫ ভাগ ভোটারকে তালিকাভুক্ত করা সম্ভব হবে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএইচডি-ইএইচবি/জেকে/এমএইচবি/২১৪১ ঘ.