ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কারা অন্তরীণ খালেদা জিয়ার মুক্তির জন্য শুক্রবার ঈদের জামাতে আল্লাহর কাছে বিশেষ মোনাজাত করতে ইমামদের প্রতি অনুরোধ জানিয়েছে খালেদা জিয়া মুক্তি পরিষদ।
সংগঠনের আহ্বায়ক অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বুধবার বলেন, "নেত্রীর মুক্তি ও তার বিপদ-আপদ কেটে যাওয়ার জন্য আল্লাহর কাছে মোনাজাত করার কর্মসূচি ঘোষণা করেছি। ঈদের জামাতগুলোতে দলীয় নেতাকর্মীরা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করতে ইমাম সাহেবের কাছে অনুরোধ জানাবে।''
দেশের বিদ্যমান আইনের প্রতি শ্রদ্ধা রেখে এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৮১২ ঘ.
bdnews24