২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনাকে আবারও ত্রাণ কাজে অংশ নিতে দেওয়ার আহ্বান

শেখ হাসিনাকে সিডর-দুর্গত এলাকায় আর্ত মানবতার সেবায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আবারও আহবান জানিয়েছে আওয়ামী লীগ। এত করে সরকারও উপকৃত হবে বলে মনে করেন দলটির নেতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2007, 03:45 PM

Updated : 26 Aug 2022, 09:07 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনাকে সিডর-দুর্গত এলাকায় আর্ত মানবতার সেবায় কাজ করার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আবারও আহবান জানিয়েছে আওয়ামী লীগ। এত করে সরকারও উপকৃত হবে বলে মনে করেন দলটির নেতারা। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মঙ্গলবার বিকালে ত্রাণ গ্রহণ অনুষ্ঠানে দলটির সভাপতিমন্ডলীর সদস্যরা এই আহবান জানান। যুক্তরাজ্য প্রবাসীদের সংগঠন বিডাব্লিউসিসি দুর্গত এলাকায় কোরবানীর জন্য পাঁচ লাখ টাকা, কেরানীগঞ্জের রোহিতপুরের সৌদি আরব প্রবাসীরা এক লাখ টাকা, রমনা ভবন বণিক সমিতি এক লাখ টাকা, কুমিল্লা জেলা (দক্ষিণ) আওয়ামী লীগ এক লাখ ২৬ হাজার টাকা এবং যুব মহিলা লীগ ত্রাণ সাহায্য অনুষ্ঠানে ৫০ হাজার টাকা দেয়। আওয়ামী লীগের ত্রাণ কমিটির চেয়ারম্যান ও সভাপতিমন্ডলীর সদস্য আব্দুর রাজ্জাকের হাতে ত্রাণের অর্থ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে আব্দুর রাজ্জাক জানান, তারা দুর্গতদের সাহায্যার্থে এ পর্যন্ত দুই কোটি টাকার ত্রাণ সামগ্রী দিয়েছেন। তিনি বলেন, "সরকারের একার পক্ষে এই মহা দূর্যোগ মোকাবেলা সম্ভব নয়। জনগণের সেবা নিশ্চিত করতে সমন্বয়ের দরকার। এই মুহুর্তে মানুষের দরকার আশ্রয় ও গরম কাপড়।" আব্দুর রাজ্জাক দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি পুনরায় আহ্বান জানিয়ে বলেন,"দুর্গতদের জন্য নেত্রীকেও (শেখ হাসিনা) কাজ করার সুযোগ করে দেওয়া হোক। তাতে করে সরকারও উপকৃত হবে।" দলের সভাপতিমন্ডলীর আরেক সদস্য তোফায়েল আহমেদ বর্তমান সময়কে 'জাতীয় দুর্যোগ' হিসাবে আখ্যায়িত করে বলেন,"আওয়ামী লীগ ত্রাণ নিয়ে রাজনীতি করে না। জাতির যে কোনো দুর্যোগে পাশে থাকে। দুর্গত এলাকায় স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত আওয়ামী লীগের ত্রাণ তৎপরতা চলবে।" সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদ বিষয়ক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত বলেন,"আমরা যখন দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ করেছি তখন সেসব এলাকায় আমাদের রাজনৈতিক কার্যালয় বন্ধ ছিলো। আওয়ামী লীগ প্রমাণ করেছে যে তারা একটা প্রতিষ্ঠান।" অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আব্দুল মান্নান, আকতারুজ্জামান, অধ্যাপিকা নাজমা রহমান, ইয়াফেস ওসমান, অ্যাডভোকেট আব্দুল মান্নান, নূহ উল আলম লেনিন, অধ্যাপক আলী আশরাফ, উপাধ্যক্ষ আব্দুস শহীদ, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সুবিদ আলী ভুঁইয়া প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসকে/২১৩৫ঘ.