ঢাকা, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সম্পত্তির তথ্য গোপন করায় সাবেক মন্ত্রী ও অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে মামলা করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার এক সংবাদ সম্মেলনে কমিশনের মহাপরিচালক কর্নেল হানিফ ইকবাল এ তথ্য জানান।
তিনি বলেন, "দুদকে জমা দেয়া হিসাব বিবরণীতে আলতাফ হোসেন চৌধুরী ৫৯ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন এবং তার দুই কোটি ৫৬ লাখ টাকার অবৈধ সম্পত্তি রয়েছে বলে কমিশনের অনুসন্ধানে ধরা পড়েছে।"
একই অভিযোগে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র কাজী আমিনুল হক এবং চট্টগ্রামের সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাসানের বিরুদ্ধেও মামলা করা হবে বলে কমিশন জানিয়েছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, সাবেক মেয়র কাজী আমিনুল হকের ৫৩ কোটি টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন এবং ৭৪ লাখ টাকার অবৈধ সম্পত্তি অর্জন করেছেন। সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হাসান পাঁচ লাখ টাকার সম্পত্তির তথ্য গোপন করেছেন এবং একই অঙ্কের অর্থের অবৈধ সম্পত্তি অর্জন করেছেন।
এক প্রশ্নের জবাবে কমিশনের মহাপরিচালক বলেন, "জনমনে যে সব প্রতিষ্ঠান সম্পর্কে বিরূপ ধারণা আছে, সে সব প্রতিষ্ঠান সম্পর্কে দুদক তথ্য-উপাত্ত সংগ্রহ করছে। তথ্য সংগ্রহ শেষ হলে প্রতিষ্ঠানগুলোর দুর্নীতির বিষয় তদন্ত করা হবে।"
তবে 'তদন্তের স্বার্থে' তিনি কোনো প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি।
আলতাফ হোসেন চৌধুরী ও তার স্ত্রীর বিরুদ্ধে বিমান বাহিনীর অর্থ আত্মসাতের অভিযোগে একটি মামলা রয়েছে। বিলুপ্ত দুর্নীতি দমন ব্যুরো ওই মামলা দায়ের করেছিল।
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলতাফ হোসেন চৌধুরী গত ২৯ মে গ্রেপ্তার হওয়ার পর এখন কারাগারে রয়েছেন।
আওয়ামী লীগ নেতা আমিনুল হক বর্তমানে পলাতক রয়েছেন। মেয়র থাকাকালে তিনি জাতীয় পাার্টি করতেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/এমএ/১৮০০ঘ.
bdnews24