২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীর বিচার সরকারকেই করতে হবে: মান্নান ভূঁইয়া

যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বিএনপির সংস্কারপন্থী নেতা আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, সরকারকেই এ কাজ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রোববার আয়োজিত এক আলোচনাসভায় মান্নান ভূঁইয়া বলেন, "কোনো ব্যক্তি দিয়ে এটি হবে না, যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হবে।" বিএনপির সাবেক মহাসচিব একইসঙ্গে 'আত্মশুদ্ধি'ও দলীয় সংস্কারের ওপরও জোর দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, "অতীত কর্মের জন্য ভুল স্বীকার করে জনগণের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে।" (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2007, 12:32 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার দাবি করে বিএনপির সংস্কারপন্থী নেতা আবদুল মান্নান ভূঁইয়া বলেছেন, সরকারকেই এ কাজ করতে হবে। মহান বিজয় দিবস উপলক্ষে রোববার আয়োজিত এক আলোচনাসভায় মান্নান ভূঁইয়া বলেন, "কোনো ব্যক্তি দিয়ে এটি হবে না, যুদ্ধাপরাধীদের বিচারের দায়িত্ব সরকারকেই নিতে হবে।" বিএনপির সাবেক মহাসচিব একইসঙ্গে 'আত্মশুদ্ধি'ও দলীয় সংস্কারের ওপরও জোর দিয়ে নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, "অতীত কর্মের জন্য ভুল স্বীকার করে জনগণের কাছে আমাদের ক্ষমা চাইতে হবে।" শনিবার সন্ধ্যায় গুলশানের এলিগ্যান্স কমিউনিটি সেন্টারে বিএনপির ওই আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মান্নান ভূঁইয়া। এই প্রথম বিএনপির পক্ষ থেকে একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচারের দাবি সরাসরি উঠল। দলের এ সিনিয়র নেতা আরও বলেন, "মুক্তিযুদ্ধে আমাদের বুদ্ধিজীবীসহ অনেককে তারা (যুদ্ধাপরাধী) হত্যা করেছে। কিন্তু অনুতাপের বিষয়, যুদ্ধের পর যুদ্ধাপরাধীদের বিচার হয়নি। যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল তাদের বিচারের আওতায় নেওয়া হয়নি। সাধারণ ক্ষমায় তারা পার পেয়ে গেছে। আজ যুদ্ধাপরাধীর বিচারের যে দাবি উঠেছে সেই অনুযায়ী সরকারকে ব্যবস্থা নিতে হবে।" বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে উপস্থাপনের জন্য সরকারের প্রতি দাবি জানান বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য। তিনি বলেন, "ইতিহাস শুদ্ধ করার নামে শহীদ জিয়াউর রহমানের অবদানকে অবমূল্যায়ন করার চেষ্টা চলছে। যার যা প্রাপ্য সম্মান, তা তাকে দিন। তাহলে জনগণ আপনাদের সমর্থন করবে।" দলীয় সংস্কারের কথা বলে আলোচিত বিএনপির সাবেক মহাসচিব মান্নান ভূঁইয়া বলেন, "দলে যত শিগগিরই সংস্কার করতে পারব, তত তাড়াতাড়ি দেশে গণতন্ত্র ফিরে আসবে। আমাদের আত্মসমালোচনা করতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জনগণের কাছে আর ভুল না করার প্রতিজ্ঞা করতে হবে। ভুল স্বীকার করে ক্ষমাও চাইতে হবে।" তিনি আরও বলেন, "রাজনীতিবিদ ছাড়া দেশ পরিচালনা সম্ভব নয়। এটা সবাইকে অনুধাবন করতে হবে।" গত ২২ জানুয়ারির নির্বাচন বাতিল হওয়ার প্রেক্ষাপট বর্ণনা করে মান্নান ভূঁইয়া বলেন, "তখন জনগণের প্রতি কারও আস্থা ছিল না। এমন অবস্থা হয়েছিল যে, নির্বাচন কমিশনে নিজের মতো লোক বসাতে পারলেই ক্ষমতায় যাওয়া যাবে বলে মনে করা হয়েছিল। এ মানসিকতা অবশ্যই পরিবর্তন করতে হবে।" ২০০১ সালে আওয়ামী লীগ নির্বাচন কমিশন, রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধানসহ প্রশাসনের সবক্ষেত্রে 'নিজেদের পছন্দনীয় ব্যক্তি' বসিয়েও ফলাফল তাদের পক্ষে নিতে পারেনি বলে দাবি করেন মান্নান ভূঁইয়া। আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দলের অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ একাত্তরে বুদ্ধিজীবী হত্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, "স্বাধীনতার শত্র"রা বুদ্ধিজীবীদের হত্যা করেছে। এটা ক্ষমার অযোগ্য। আমি মন্ত্রী, এমপি সবকিছু হয়েছি। আমাদের চাওয়া-পাওয়ার আর কিছু নেই। এখন মুক্তিযোদ্ধা হিসেবে মুক্তিযুদ্ধের চেতনার বাস্তবায়ন দেখে যেতে চাই।" তিনি দলীয় নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বের প্রতি আস্থা রেখে বলেন, "আমাদের সংস্কারের উদ্দেশ্য তাকে বাদ দেওয়া নয়। দলে অধিকতর গণতন্ত্র প্রতিষ্ঠা করা। সংস্কারের প্রস্তাব ছিল একাডেমিক। তারপরও একটি অংশ দলে অনৈক্য সৃষ্টি করছে।" বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত লে. জেনারেল মাহববুুর রহমান বলেন, "জিয়ার আর্দশের গড়া বিএনপি ব্যর্থ হতে পারে না। বিএনপি ব্যর্থ হলে জাতীয়তাবাদের ভিত্তি বিনষ্ট হবে। এজন্য বিএনপিকে ঐক্যবদ্ধ থাকতে হবে।" চেয়ারপারসনের উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান বলেন, "স্বাধীনতার অগ্রযাত্রাকে এগিয়ে নিতে হবে। কোনো একক ব্যক্তির ক্ষমতা সহ্য করা হবে না।" অনুষ্ঠানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তারেক শামসুর রেহমান মান্নান ভূঁইয়ার সংস্কার প্রস্তাব সমর্থন করে বলেন, "এক নেত্রী ২৪ বছর, অন্যজন ২৬ বছর থাকবেন- এটি গণতান্ত্রিক ব্যবস্থায় গ্রহণযোগ্য নয়। বাংলাদেশের রাজনৈতিক দলগুলো গণতন্ত্র মানলে সংস্কারে বাধা কোথায়?" আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন, চেয়ারপারসনের উপদেষ্টা এম এ হাকিম, সাবেক সাংসদ নাজির হোসেন, তাসমিনা রানা, সাংবাদিক কাজী সিরাজ, যুবদল নেতা আলী আক্কাস নাদিম প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/২০১৬ঘ.