ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় স্মৃতিসৌধ ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অপর্ণের বিএনপির একাংশের কর্মসূচির সময়সূচিতে পরিবর্তন এনেছে প্রশাসন।
খালেদা জিয়া মনোনীত বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ারপন্থী অংশ পরিবর্তিত কর্মসূচি অনুযায়ী রোববার সকাল সাড়ে ১০টায় জাতীয় স্মৃতি সৌধে ও দুপুর ১২টায় জিয়ার কবরে পুস্পস্তবক অর্পণ করবে।
পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী বিএনপির এ অংশ রোববার সকাল সাড়ে ৬টায় স্মৃতিসৌধে ও সকাল সাড়ে ৯টায় জিয়ার কবরে ফুল দেওয়ার কথা ছিল।
শনিবার দুপুরে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রশাসন রোববার ১০টায় স্মৃতিসৌধে ও দুপুর ১২টায় জিয়ার মাজারে ফুল দেওয়ার অনুমতি দিয়েছে।"
এম সাইফুর রহমানের নেতৃত্বধীন কথিত 'সংষ্কারপন্থী' অপর অংশ স্মৃতিসৌধে সকাল ১০টায় পুস্পস্তবক অর্পণ করবে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এমএ/১৫০৯ ঘ.
bdnews24