২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবিপ্লবীরা বেঁচে আছে বলেই দেশের এই অবস্থা: রাজ্জাক

মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাবিরোধীদের শাস্তি না দেওয়াটা 'ভুল' সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, এই সরকার যদি নাও করে, আগামীতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগ অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করবে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ কথা বলেন। রাজ্জাক বলেন, "আমরা একটা ভুল করেছিলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2007, 01:51 PM

Updated : 26 Aug 2022, 09:06 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের পর স্বাধীনতাবিরোধীদের শাস্তি না দেওয়াটা 'ভুল' সিদ্ধান্ত ছিল বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক। দলের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান বলেছেন, এই সরকার যদি নাও করে, আগামীতে ক্ষমতায় গেলে আওয়ামী লীগ অবশ্যই যুদ্ধাপরাধীদের বিচার করবে। ১৪ ডিসেম্বর বুদ্ধিজীবী দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক আলোচনা সভায় তারা এ কথা বলেন। রাজ্জাক বলেন, "আমরা একটা ভুল করেছিলাম। কোনো সশস্ত্র বিপ্লবের পর প্রতিবিপ্লবীরা বেঁচে থাকে না। কিন্তু, আমাদের দেশে তারা শুধু বেঁচেই নেই, সমাজের প্রতিটি স্থানে তারা প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিবিপ্লবীরা বেঁচে আছে বলেই আজ দেশের এই অবস্থা।" যুদ্ধাপরাধীদের বিচার না হলে দেশে একটি কলঙ্কজনক অধ্যায় থেকে যাবে বলেও মন্তব্য করেন তিনি। জিল্লুর রহমান অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের দাবি জানিয়ে বলেন, "এই সরকার বিচার না করলে আমরা ক্ষমতায় যেতে পারলে যুদ্ধাপরাধীদের বিচার করবোই।" তিনি আরো বলেন, "গোলাম আজমের নেতৃত্বে আমাদের দেশের লোকরাই বুদ্ধিজীবীদের হত্যা করেছে।" শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোকে 'মিথ্যা' আখ্যায়িত করে তিনি বলেন, এসব মামলা দিয়ে সাবেক এই প্রধানমন্ত্রীকে আটকে রাখা যাবে না। সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী বলেন, "সভা-সমাবেশ করে সময় নষ্ট না করে প্রতিটি থানায় যারা পাকিস্তানী বাহিনীকে সহায়তা করেছিলো এবং যারা মুক্তিযুদ্ধের সময় নারী নির্যাতনের সঙ্গে জড়িত ছিল তাদের তালিকা করতে হবে।" চারদলীয় জোট সরকারের সময় বুদ্ধিজীবী হত্যাকাণ্ড সংক্রান্ত সব নথিপত্র হারিয়ে গেছে উল্লেখ করে রাজ্জাক বলেন, "আমরা যুদ্ধাপরাধীদের বিচার করতে পারিনি। কিন্তু এই সরকারতো অনেক কাজ করেছে, তারা কেন যুদ্ধাপরাদীদের বিচার করতে পারবে না? আমাদের সংবিধান আছে, আইন আছে। যুদ্ধাপরাধীদের বিচার করতেই হবে।" সাবেক প্রধানমন্ত্রীর সংসদ বিষক উপদেষ্টা সুরঞ্জিত সেনগুপ্ত সরকারের উপদেষ্টাদের উদ্দেশ্য করে বলেন, "আমরা ভুল করলে আপনাদের শুদ্ধ করতে আপত্তি কোথায়?" তিনি বলেন, "গণতন্ত্রকে সংহত করতে স্বাধীনতাকে সুসংহত করতে হবে। আমরা চাই সরকার অবিলম্বে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য ট্রাইবুনাল গঠন করুক। আর কিছু হোক বা না হোক এই দেশে যুদ্ধাপরাধীদের বিচার হতেই হবে।" তিনি আরো বলেন, "বাংলাদেশকে রাজনীতি বিবর্জিত করা যাবে না। রাজনীতি উন্মুক্ত করতে হবে।" আলোচনা সভায় অংশ নিয়ে শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেনের ছেলে শাহীন রেজা নূর বলেন, "যারা ৩০ লাখ মানুষকে হত্যা করেছে তাদের বিচার হবে না এটা সভ্য সমাজে হতে পারে না। যুদ্ধাপরাধীদের বিচার না হওয়ায় দেশ আজ বিভাজিত হয়ে আছে। নির্বাচন একদিকে, আর যুদ্ধাপরাধীদের বিচার একদিকে। দুটোকে এক করে দেখার কোনো উপায় নেই।" শাহীন রেজা নূর বর্তমান সরকারের উপদেষ্টাদের উদ্দেশে বলেন, "আপনারা যুদ্ধাপরাধীদের বিচার শুরু করুন। প্রয়োজনে পরবর্তী সরকার এসে তা শেষ করতে পারবে।" আগামীতে যুদ্ধাপরারীদের বিচারের বিষয়টিকে গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে রাখার জন্য আওয়ামী লীগ নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেন, "জাতি এখন ঐক্যবদ্ধ। যুদ্ধাপরাধীদের বিচার ও বিচারের রায় কার্যকর করার দিন আর বেশি দূরে নয়।" দলের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান বলেন, "আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে পাঁচ বছরে যুদ্ধাপরাধীদের বিচার করেনি। এই দায়ভার নিতে আমরা অস্বীকার করছি না। আমরা করিনি এই অভিযোগে এ সরকারও তা করবে না, এটা হতে পারে না। আমরা যুদ্ধাপরাধীদের বিচার করিনি বলে মানুষ আমাদের প্রশংসা করে না। এই সরকার বিচার করলে জনগণ তাদের প্রশংসা করবে।" আলোচনা সভায় বাংলাদেশ সেক্টর কমান্ডার্স ফোরাম ঘোষিত কর্মসূচি অনুযায়ী শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানাতে দু'মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্না, ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম ও মুকুল চৌধুরী। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/জেকে/এমএ/১৯৪০ ঘ.