ঢাকা, ডিসেম্বর ১২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির খোন্দকার দেলোয়ারপন্থী অংশ বিজয় দিবসের পরদিন থেকে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে টানা তিনদিন সমন্বিত ত্রাণ কার্যক্রমে অংশ নেবে।
খোন্দকার দেলোয়ারের ন্যাম ফ্ল্যাটে বুধবার দুপুরে দলের 'জাতীয় ত্রাণ কমিটি'র এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বিএনপির যুগ্ম মহাসচিব গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে বৈঠকে ১৭ থেকে ১৯ ডিসেম্বর বরিশাল, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী ও মাদারীপুরের ক্ষতিগ্রস্ত এলাকায় সমন্বিত ত্রাণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
বৈঠক শেষে কমিটির আহ্বায়ক গয়েশ্বর চন্দ্র রায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিএনপির পক্ষ থেকে আমরা ঘূর্ণিঝড় কবলিত দক্ষিণাঞ্চলে ত্রাণ দিয়ে যাচ্ছি। বিজয় দিবসের পর আরেক দফা ত্রাণ বিতরণ করার সিদ্ধান্ত হয়েছে। একইসঙ্গে দক্ষিণাঞ্চলে দুর্গত মানুষের পুনর্বাসনের জন্য সরেজমিনে দেখে ব্যবস্থা নেওয়া হবে।"
বৈঠকে যুগ্ম মহাসচিব নজরুল ইসলাম, সাবেক সাংসদ মোহাম্মদ শাহজাহান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সেলিম রেজা হাবিব, নুরুল কবির শাহিন, এ বি এম আশরাফ উদ্দিন নিজাম, শিরিন সুলতানা, বিলকিস জাহান শিরিন, সৈয়দ আবুল হোসেন, কৃষক দলের শামসুজ্জামান দুদু, যুবদলের আবু সাইদ খান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৭৩৪ ঘ.
bdnews24