ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজির অভিযোগে দায়ের করা একটি মামলায় হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন তারেক রহমান। আদালত মামলাটির কার্যক্রমও স্থগিত করেছে।
সেইসঙ্গে মামলাটি জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত ও মামলার কার্যক্রম কেন বাতিল করা হবে না তা জানতে চেয়ে সরকারের প্রতি রুল জারি করা হয়েছে।
স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার পুলিশ সুপার ও ঢাকার মুখ্য মহানগর হাকিমকে আগামী ৮ সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।
তারেক রহমানের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমানকে গত ৭ মার্চ রাতে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ৮১ লাখ টাকা চাঁদাবাজির অভিযোগে মার্শাল ডিস্টিলারি নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হারুন ফেরদৌসী গত ২৭ মার্চ গুলশান থানায় তারেকের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। তারেকের বন্ধু ও ব্যবসার অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনসহ ৬ জনকে এ মামলার আসামি করা হয়।
মামলাটি পরে জরুরি ক্ষমতা বিধিমালার আওতায় নেওয়া হয়। এর বৈধতা নিয়ে তারেক রিট আবেদন দায়ের করেন।
তারেকের বিরুদ্ধে একাধিক মামলা আদালতে বিচারাধীন থাকায় এই মামলায় জামিন পেলেও আপাতত মুক্তি পাচ্ছেন না তিনি।
এর আগে হাইকোর্টের একই বেঞ্চ তারেক রহমানের বিরুদ্ধে আরেকটি চাঁদাবাজি মামলার কার্যক্রম স্থগিত করে দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/জেকে/এমএইচবি/২০০৭ ঘ.
bdnews24