ঢাকা, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা নামে এনজিও-র মহাসচিব অ্যাডভোকেট সিগমা হুদাকে একটি চাঁদাবাজির মামলায় জামিন দিয়েছে হাইকোর্ট। পাশাপাশি আদালত মামলাটির কার্যক্রমও স্থগিত করেছে।
সিগমা হুদার বিরুদ্ধে মামলাটির কার্যক্রম কেন বাতিল করা হবে না- তা জানতে চেয়ে সরকারের প্রতি আদেশও জারি করেছে হাইকোর্ট। মামলাটিকে জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্তি কেন অবৈধ ঘোষণা করা হবে না, সরকারের কাছে তার কারণও জানতে চেয়েছে আদালত।
সাবেক যোগাযোগমন্ত্রী ব্যারিস্টার নাজমুল হুদার স্ত্রী সিগমা হুদার একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি শাহ আবু নাঈম মোমিনুর রহমান ও বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ সোমবার এ আদেশ দেন।
মামলার কার্যক্রম কেন বাতিল হবে না, তা জানতে চেয়ে আদালত আগামী ৮ সপ্তাহের মধ্যে স্বরাষ্ট্র সচিব, অতিরিক্ত স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ঢাকার পুলিশ সুপার ও ঢাকার মুখ্য মহানগর হাকিমের কাছে জবাব চেয়েছে।
সড়ক ও জনপথ বিভাগের ঠিকাদার ওয়াহিদুর রহমান আজাদ গত ২৬ জুন তেজগাঁও থানায় ব্যারিস্টার নাজমুল হুদা, সিগমা হুদা এবং বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এলিনা খানের বিরুদ্ধে এ মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, নাজমুল হুদা বিএনপি সরকারের যোগাযোগমন্ত্রী থাকাকালে মানবাধিকার বাস্তবায়ন সংস্থার একটি সম্মেলন কেন্দ্র নির্মাণের জন্য বাদির কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। সরকারের প্রভাবশালী মন্ত্রীর এ দাবির মুখে ২০০৩ সালে বাদি ৫ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে একটি সম্মেলন কেন্দ্র নির্মাণ করে দিতে বাধ্য হন।
এ মামলাটি সরকার গত ৩০ সেপ্টেম্বর জরুরি ক্ষমতা বিধিমালায় অন্তর্ভুক্ত করে। এর বৈধতা চ্যালেঞ্জ করেই সিগমা হুদা হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।
সিগমা হুদার পক্ষে রিট আবেদনটির ওপর শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট আবদুল মালেক। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট মো. আশানুর রহমান। সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা আফসার জাহান।
আড়াই কোটি টাকা ঘুষের মামলায় গত আগস্ট ২৭ আদালত সিগমা হুদাকে তিন বছর কারাদণ্ড দেয়। ওই মামলায় ব্যারিস্টার নাজমুল হুদারও সাত বছর সাজা হয়েছে।
সিগমা হুদা বর্তমানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে কারা হেফাজতে চিকিৎসাধীন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এটি/এমআই/এমএইচবি/১৯৩১ ঘ.
bdnews24