ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- কর ফাঁকির মামলায় সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা জিয়াউল হক জিয়ার ছেলে মাশফিকুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলার রায় দেওয়া হবে আগামী ১৩ ডিসেম্বর।
বৃহস্পতিবার বিশেষ জজ আদালত- ৪ এর বিচারক সামসুন্নাহার বেগম রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর রায় দেওয়ার এ তারিখ দেন।
আসামি মাশফিকুল এখন পলাতক। কর ফাঁকির দায়ে একই আদালত মাশফিকুলের বাবা জিয়াউল হককে গত ২৯ নভেম্বর আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে। এছাড়াও তার মা নাসিমা হকের বিরুদ্ধে একই অভিযোগে অন্য একটি মামলার বিচার কাজ চলছে। তারাও উভয়েই পলাতক।
গত ২৯ অক্টোবর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপ কর কমিশনার মো. মমতাজ উদ্দিন বাদী হয়ে মাশফিকুলের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই দিনই ঢাকার সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. আজিজুল হক অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।
মামলার এজাহারে বলা হয়, মাশফিকুল হক তার আয়কর রির্টানে ২০০২-২০০৩ করবর্ষ থেকে ২০০৬-২০০৭ করবর্ষ পর্যন্ত মোট তিন কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৯৭৪ টাকার তথ্য গোপন করে এর ওপর প্রযোজ্য ৯০ লাখ ৪৩ হাজার ২৩৩ টাকার কর ফাঁকি দিয়েছেন।
২১ নভেম্বর বিশেষ জজ আদালতে এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শুরু হয় ২৫ নভেম্বর থেকে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/এসএনডি/এসকে/১৮১২ঘ.
bdnews24