ঢাকা, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী বলেছেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষককে দু'বছরের কারাদণ্ডের সাজা দিয়ে সরকার মুক্ত বুদ্ধির চর্চার ওপর আঘাত হেনেছে।
তিনি আরো বলেছেন, "জেল দিয়ে মুক্ত বুদ্ধির চর্চা বন্ধ করা যাবে না - এটা আমাদের উপলব্ধি।"
ঢাকা মহানগর আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার ঢাকা মহানগর হস্তান্তর অনুষ্ঠানে মতিয়া চৌধুরী এসব কথা বলেন।
অনুষ্ঠানে ঢাকা মহানগরের রমনা থানা আওয়ামী লীগের পক্ষ থেকে সহ-সভাপতি মকবুল হোসেন মুকুল দলের ত্রাণ তহবিলে ১ লাখ ১৮ হাজার টাকা ও ত্রাণ সামগ্রী হস্তান্তর করেন।
এসময় বক্তব্য দিতে গিয়ে মতিয়া চৌধুরী বলেন, "সরকারের সদিচ্ছা থাকলেও দক্ষতা ও যোগ্যতার অভাবে ত্রাণ বিতরণ ও পুনর্বাসন পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে না। এখনো ভিজিএফ কার্ড বিতরণ শুরু হয়নি।"
তিনি দুর্গতদের পাশে দাড়ানোর জন্য শেখ হাসিনার মুক্তি দাবি করেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/জিএনএ/১৫০৫ ঘ.
bdnews24