ঢাকা, ডিসেম্বর ০৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- নতুন রাজনৈতিক দল 'বাংলাদেশ কল্যাণ পার্টির' আত্মপ্রকাশ ঘটেছে মঙ্গলবার। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সৈয়দ মুহাম্মদ ইবরাহিম, বীর প্রতীকের নেতৃেত্ব গঠিত এ দলের কোনো কমিটি এখনো ঘোষিত হয়নি।
মঙ্গলবার দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের একটি হোটেলে মুহাম্মদ ইবরাহিম তার দলের আত্মপ্রকাশের ঘোষণা দেন। এ সময় বক্তৃতায় তিনি বলেন, "আমরা পরিবর্তনের জন্য রাজনীতি চাই। পরিচ্ছন্ন ও জবাবদিহিতার রাজনীতি চালু করে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে।"
১১ জানুয়ারির পরের প্রেক্ষাপট দেশবাসীর জন্য নতুনভাবে চিন্তা করার সুযোগ সৃষ্টি করেছে মন্তব্য করে তিনি বলেন, "আমি রাজনীতিতে নবাগত। সব রাজনীতিবিদদের দোয়া চাই। গণমাধ্যমেরও সহযোগিতা চাই। কারণ বর্তমানে মিডিয়াই বিকল্প সংসদ।"
নতুন দলের কমিটি করা না হলেও সাংগঠনিক কার্যক্রমে সহযোগিতা করতে শিল্পপতি মো. শাহ আলম, মুক্তিযোদ্ধা সাদেক আহমেদ খান ও আবুল কালাম আজাদের নাম ঘোষণা করেন তিনি।
দীর্ঘ ১০ পৃষ্ঠার লিখিত বক্তব্যে মুক্তিযোদ্ধা ও সাবেক ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিম নতুন দল গঠনের কারণ ব্যাখ্যা করে বলেন, "এ দলের রাজনীতির দর্শন হবে সমঝোতা, সমন্বয় ও সহযোগিতা। যেসব বিষয় জনগণকে বিভক্ত করে সেগুলো আমরা দূর করতে চাই।"
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মাওলানা আবদুল হামিদ খান ভাসানী ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জাতীয় নেতার স্বীকৃতি দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, "তারা তিনজনই আমাদের জাতীয় নেতা। আমরা তাদের সম্মান দিতে চাই।"
সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, তারা ধর্ম নিয়ে দ্বন্দ্ব সৃষ্টির বিপক্ষে থাকবেন। তিনি আরও বলেন, "সবার সহাবস্থানে কল্যাণ পার্টি মনে করে এদেশের সবার জাতীয় পরিচয়- বাংলাদেশী।"
বাংলাদেশ কল্যাণ পার্টির সঙ্গে আর কারা আছে সে কথা জানাননি মুহাম্মদ ইবরাহিম। তবে তিনি বলেন, "আমি বা আমরা চাই না, কোনো ব্যক্তিকে দিয়ে মিডিয়ার সামনে চমক সৃষ্টি করা হোক, তারপর সেই ব্যক্তি আবার হারিয়ে যাক।"
অনুষ্ঠানে মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ডেন বিয়ারস ও চীন দূতাবাসের রাজনৈতিক বিভাগের প্রধান মু ইয়াং পেং, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ-ভাসানী), লিবারেল ডেমোক্রেটিক পার্টি, জাতীয় জনতা পার্টি, কৃষক শ্রমিক পার্টির মাঝারি পর্যায়ের নেতাকর্মী এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা ও বিভিন্ন পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
কোরান তেলাওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর কবি গোলাম মোস্তফার 'প্রার্থনা' কবিতা পাঠ ও মুক্তিযুদ্ধে শহীদ এবং ১৫ নভেম্বর ঘূর্ণিঝড়ে নিহতদের জন্য এক মিনিট দাঁড়িয়ে শ্রদ্ধা জানানো হয়।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত কমোডর আব্দুল ওয়াহিদ চৌধুরী ও এ জেড এম নিজাম, শিল্পপতি মোহাম্মদ শাহজাহান, 'সম্মৃৃদ্ধ বাংলাদেশের' জাকির হোসেন, ঢাকা চেম্বারের পরিচালক মোহাম্মদ শেরাফুদ্দিন, কনস্ট্রাকশন ব্যবসায়ী আব্দুল মোমিন, সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ মাসুদ, ডক্টর বদিউজ্জামান, মুক্তিযোদ্ধা গণ পরিষদের সাদেক আহম্মেদ খান, মাওলানা নূর মোহাম্মদ আল কাদরী, অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোহাম্মদ রাজ্জাক, মাওলানা ভাসানীর সহকর্মী তুষার কান্তি বাড়ই, নারী নেত্রী বিলকিস শাহাদাত আহম্মেদ, সাবেক ছাত্রনেতা হান্নান মোল্লা পলাশ, মুক্তিযোদ্ধা সামসুল আলম সিদ্দিকী বীর বিক্রম ও আফজালুল হক শুভেচ্ছা বক্তব্য দেন।
পরে নতুন দলের ৩২ পৃষ্ঠার খসড়া ঘোষণাপত্র ও গঠনতন্ত্র অতিথিদের মধ্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন কর্মীর পরণে ছিল 'পরিবর্তনের জন্য রাজনীতি' লেখা টি-শার্ট।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এসকে/১৬৪৩ঘ.
bdnews24