ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক নেতা জিল্লুর রহমানকে এরকম চেহারায় দেখার স্মৃতি নিঃসন্দেহে খুব কম লোকেরই আছে। শেখ হাসিনার পক্ষে কালো গাউন পড়ে আইনি লড়াইতে অংশ নিলেন দলের প্রবীন এই নেতা।
সোমবার সকালে সংসদ ভবনে স্থাপিত মহানগর দায়রা জজ আদালতের বিশেষ এজলাসে উপস্থিত হন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান । ৭৮-এ পা রাখা জিল্লুর এসময় বলেন,'' বয়স হয়ে গেছে, শরীর চলে না। নেত্রীর জন্য এসেছি। সর্বশেষ আইনি লড়াইতে অংশ নিয়েছিলাম ১৯৭৮ সালে।''
জিল্লুর রহমানকে অবশ্য পুলিশ প্রথমে আটকেই দিয়েছিল। সকাল ৮টা ২২ মিনিটে সংসদ ভবনের প্রবেশ পথে সড়কে তার কালো পাজেরো জীপটি থামিয়ে দেয় পুলিশ। জিল্লুর নিজের পরিচয় দেওয়ার পরও পুলিশ বলে, 'ঢোকা যাবে না। ওপরের অনুমতি লাগবে'। এরপর তিনি নীরবভাবে গাড়িতেই বসেছিলেন। 'ওপরের' সঙ্গে ওয়্যারলেসে যোগাযোগের পর পুলিশ তাকে আদালতে যেতে দেয়।
এরপর জিল্লুর একাই ধীর পায়ে হেঁটে এজলাসে প্রবেশ করেন। অভিযুক্তপক্ষের জন্য নির্ধারিত প্রথম সারির চেয়ারে তিনি বসেন। কাঠগড়ায় উঠে জিল্লুর রহমানকে দেখে শেখ হাসিনার চোখে মুখে খুশির ছাপই দেখা যায়। হাসিনা এক পর্যায়ে দলের এই প্রবীণ নেতাকে কানে কানে কিছু বলেন। তারপর তাকে আসন গ্রহণের অনুরোধ জানান।
প্রসঙ্গত, রোববার সন্ধ্যায় শেখ হাসিনার আইনজীবীরা জিল্লুর রহমানকে আইনজীবী প্যানেলে যুক্ত হওয়ার প্রস্তাব করলে তিনি সাদরে তা গ্রহণ করেন।
শেখ হাসিনার আইনজীবী প্যানেলের সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউর রহমান সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, জিল্লুর রহমান একজন ভালো আইনজীবী ছিলেন। তিনি ঢাকা বারের সাধারণ সম্পাদকও ছিলেন।
জিল্লুর ১৯৭৭-'৭৮ সাল পর্যন্ত নিয়মিত মামলা পরিচালনা করেছেন জানিয়ে রেজাউর রহমান বলেন,'' বয়সের ভারে তিনি এখন বেশ অসুস্থ। তারপরও আইনজীবী হিসেবে এরকম মামলায় তাঁর অংশ নেওয়াটাকে আমি প্রশংসা করি।''
জিল্লুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর একই বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি লাভ করেন। চারবার বাংলাদেশ জাতীয় সংসদের সদস্য নির্বাচিত জিল্লুর ১৯৭০ সালের প্রাদেশিক পরিষদেরও সদস্য নির্বাচিত হয়েছিলেন। কয়েক দফা তিনি দলের সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন। গ্রেপ্তার হওয়ার পর শেখ হাসিনা তার কাছেই দলের নেতৃত্ব দিয়ে যান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ পিসি/এসএম/এসকে/১৭৫১ঘ.
bdnews24