ঢাকা, ডিসেম্বর ২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- শেখ হাসিনা ও শেখ রেহানার বিচার 'প্রকাশ্য আদালতে' করার দাবি জানিয়েছে আওয়ামী লীগ। রোববার দলের কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর ভারপ্রাপ্ত সভাপতি জিল্লুর রহমান এই দাবি জানিয়ে বলেছেন, " আমরা আশাকরি আইনকে নিজস্ব গতিতে চলতে দেওয়া হবে। শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর স্বচ্ছতা বজায় থাকবে।"
গুলশানের বাসায় সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, "আওয়ামী লীগ মনে করে সোমবার থেকে যেভাবে শেখ হাসিনার বিচার কার্যক্রম শুরু হচ্ছে তা শুধু দেশবাসীই নয় বিশ্ববাসীর কাছে প্রশ্নবিদ্ধ হবে।"
রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণের অভিজ্ঞতা তুলে ধরার জন্য এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এরপর দলটির কার্যনির্বাহী সংসদের নেতারা বৈঠকে মিলিত হন। ওই বৈঠকের সিদ্ধান্তই সন্ধ্যায় প্রেস ব্রিফিংয়ে জানান জিল্লুর রহমান।
তিনি বলেন, "আমরা উদ্বেগ ও উৎকন্ঠার সঙ্গে লক্ষ করছি যে, সরকার ২৬ নভেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে দায়ের করা মিথ্যা ও উদ্দেশপ্রণোদিত চাঁদাবাজির মামলাটি আকস্মিকভাবে স্থানান্তরের নির্দেশ দিয়েছে। দেশবাসী এঘটনায় অবাক ও বিস্মিত হয়েছে।"
জিল্লুর বলেন, "আমাদের দেশে বিচার ব্যবস্থা শুরু হওয়ার পর থেকে ডিসেম্বর মাসে দায়রা ও জজ আদালত বন্ধ থাকে। জরুরি ও জনগুরুত্বপূর্ণ মামলা শোনার জন্য প্রত্যেক বিভাগে একজন করে অবকাশকালীন বিচারক দায়িত্বে থাকেন। কিন্তু, আমরা বিস্ময়ের সঙ্গে লক্ষ করছি, সরকার ঐতিহ্য ভঙ্গ করে ফৌজদারি আদালত ডিসেম্বর মাসে চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে। সরকারের এই আকস্মিক সিদ্ধান্তে সকলের মনেই প্রশ্ন দেখা দিয়েছে।"
ভারপ্রাপ্ত সভাপতি বলেন, "আমরা আশাকরি আইনকে নিজেস্ব গতিতে চলতে দেওয়া হবে। শেখ হাসিনা ও শেখ রেহানার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর স্বচ্ছতা বজায় থাকবে।"
তিনি তার বিশ্বাস ব্যক্ত করে বলেন, "আইনকে যদি প্রভাবিত করা না হয় তা হলে শেখ হাসিনা ও শেখ রেহানা আইনি লড়াইয়ে বিজয়ী হয়ে জনগণের কাছে ফিরে আসবেন।"
সোমবার সংসদ ভবনের বিশেষ এজলাসে শেখ হাসিনার উপস্থিতিতে ব্যবসায়ী আজম জে চৌধুরীর করা চাঁদাবাজির মামলার অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হবে।
গত ১৩ জুন আজম চৌধুরী প্রায় ৩ কোটি টাকা চাঁদা নেওয়ার অভিযোগে হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করেন। মামলার অভিযোগপত্রে ২৪ জনকে সাক্ষী করা হয়েছে। তাদের মধ্যে আজম জে চৌধুরী ও শেখ সেলিমের স্বীকারোক্তিমূলক জবানবন্দি নেওয়া মহানগর হাকিম এ বি এম আবদুল ফাত্তাহও রয়েছেন।
গত ২৮ নভেম্বর ঢাকা মহানগর দায়রা জজ মো. আজিজুল হক পুরান ঢাকার জনসন রোড়ে তার নির্ধারিত আদালতে বসে মামলাটি শুনানি ৩ ডিসেম্বর সংসদ ভবনে স্থাপিত বিশেষ এজলাসে অনুষ্ঠানের আদেশ দেন।
১৬ জুলাই ভোরে শেখ হাসিনাকে সুধাসদন থেকে আটক করার পর এ মামলায়ই গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। আগেই গ্রেপ্তার হন শেখ ফজলুল করিম সেলিম।
২০ জুন শেখ সেলিম ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর ২৪ জুলাই মামলার অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্রে শেখ সেলিমকে প্রথম, শেখ হাসিনা দ্বিতীয়, শেখ রেহানাকে তৃতীয় আসামি হিসেবে দেখানো হয়। এর মধ্যে শেখ রেহানার নাম এজাহারে ছিল না। শেখ সেলিম স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেওয়ার পর এ মামলায় রেহানাকে আসামি করা হয় ।
গত ১৮ নভেম্বর মামলাটি বিচারের জন্য অতিরিক্ত মুখ্য মহানগর আদালত থেকে ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়। ২৬ নভেম্বর আইন মন্ত্রণালয় ঢাকার মহানগর দায়রা জজ এবং পাঁচজন বিশেষ পিপি নিয়োগ দেয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এমএইচবি/২১৩০ ঘ.
bdnews24