২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের ঐক্যের জন্য 'শর্ত নয়, সদিচ্ছাই বড় : জেনারেল (অব:) মাহবুব

দলের ঐক্যের জন্য 'শর্ত নয়, সদিচ্ছাই বড় 'বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লে.জেনারেল মাহবুবুর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 01:43 PM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দলের ঐক্যের জন্য 'শর্ত নয়, সদিচ্ছাই বড় 'বলে মন্তব্য করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক সেনা প্রধান লে.জেনারেল মাহবুবুর রহমান। রোববার বিকেলে মহাখালীর পুরনো ডিওএইচএসএ'র নিজ বাসায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে মাহবুবুর রহমান একথা বলেন। জেনারেল মাহবুব বলেন," আমরা দলের ঐক্য চাই। এতে দল শক্তিশালী হবে।'' দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাইফুর রহমানের সঙ্গে জ্যেষ্ঠ নেতা খোন্দকার দেলোয়ারের দীর্ঘ টেলিফোন আলাপ ঐক্যের জন্য ইতিবাচক ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। মাহবুব বলেন, '' ঐক্যের কোনো সম্ভবনা না থাকলে দুই নেতা এত দীর্ঘক্ষণ আলাপ করতেন না। আগ্রহ আছে বলেই এটা হয়েছে। আমরা চাই বিএনপিতে সবাই ভেদাভেদ ভুলে এক হবে।'' বিএনপির সাইফুর রহমান অংশের গঠিত কেন্দ্রীয় ত্রাণ কমিটির আহবায়ক মাহবুবুর রহমান জানান, দক্ষিণাঞ্চলে দলের ত্রাণ কার্যক্রম চলছে। তাদের বিভিন্ন ত্রাণ ও চিকিৎসক টিম দুর্গত এলাকায় যাচ্ছেন। তিনি সরকারকে দূর্গত এলাকায় ত্রাণ সামগ্রীর সুষ্ঠ বিতরণ ব্যবস্থা গড়ে তোলার অনুরোধ জানান। একই সঙ্গে দাতা ও উন্নত দেশগুলোর কাছে আরও সাহায্যের অনুরোধ জানিয়েছেন তিনি। সংবাদ ব্রিফিঙে অন্যদের মধ্যে সহ দপ্তর সম্পাদক আহমেদ মুসা ও যুব নেতা ফিরোজ আহমেদ খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/১৯৩৮ঘ.