২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে যুদ্ধাপরাধী ছিল, এখনও থাকতে পারে: বিকল্পধারা

বিকল্পধারাও স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে। রোববার নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী সংস্কার আইন নিয়ে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপে দলটি এ দাবি জানায়। তবে বিকল্পধারার প্রস্তাবে সুনির্দিষ্টভাবে আদালত কর্তৃক চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের নির্বাচন থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে ব্যাপকভাবে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সংলাপে বসা না বসার প্রশ্নে দলটির কোনো স্পষ্ট অবস্থান নেই। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 10:38 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিকল্পধারাও স্বাধীনতাবিরোধী এবং যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে। রোববার নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী সংস্কার আইন নিয়ে অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপে দলটি এ দাবি জানায়। তবে বিকল্পধারার প্রস্তাবে সুনির্দিষ্টভাবে আদালত কর্তৃক চিহ্নিত যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের নির্বাচন থেকে বাদ দেওয়ার কথা বলা হয়েছে। এ ছাড়া স্বাধীনতাযুদ্ধের বিরোধিতাকারী হিসেবে ব্যাপকভাবে অভিযুক্ত জামায়াতে ইসলামীর সঙ্গে রাজনৈতিক সংলাপে বসা না বসার প্রশ্নে দলটির কোনো স্পষ্ট অবস্থান নেই। (আরও তথ্যসহ) সংলাপ শেষে বিকল্পধারার মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান সাংবাদিকদের বলেন, "এদেশে যুদ্ধাপরাধী ছিল। এখনও তারা থাকতে পারে। তবে এটি আদালতের ব্যাপার। যারা আইন - শৃঙ্খলা রক্ষা করেন, তাদের ব্যাপার।" নির্বাচনী সংস্কার আইন চূড়ান্ত করতে কমিশন একসঙ্গে সবগুলো দলকে নিয়ে আলোচনায় বসতে চায়। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল জামায়াতের সঙ্গে বসতে রাজী নয় বলে কমিশনকে জানিয়েছে। এ ক্ষেত্রে বিকল্পধারার অবস্থান জানতে চাইলে আব্দুল মান্নান বলেন, "এটি এখনও আমাদের বিবেচনায় আসেনি। আমরা সব দলের সঙ্গেই আলোচনায় বসতে চাই। এই বিষয়টি আগামী দিনে দেখা যাবে।" তিনি জানান, সংলাপে অন্যান্য প্রস্তাবের সঙ্গে জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনগুলো অনুষ্ঠানের পক্ষে মত দিয়েছেন তারা। স্থানীয় নির্বাচন আগে হলে 'জনগণ উপকৃত হবেন' বলে তারা মনে করছেন। এর আগে কমিশনের সঙ্গে সংলাপে বিকল্পধারার মহাসচিব দলের বেশ কিছু প্রস্তাব তুলে ধরেন। এ সময় তাকে সহযোগিতা করেন সাবেক সাংসদ মাহী বি. চৌধুরী। বিকল্পধারার অন্যান্য প্রস্তাবের মধ্যে নির্বাচনী আসন সংখ্যা ৩০০ থেকে বাড়িয়ে ৪০০ করা, নির্বাচনে দলীয় প্রতীকের বদলে প্রার্থীর প্রতীক ব্যবহার, প্রতি ভোট কেন্দ্রে একজন করে এজেন্ট নিয়োগ, ভোট গ্রহণের দিন মোবাইল ফোন চালু রাখা, একই নামে ব্র্যাকেটবন্দি একাধিক দলকে নিবন্ধন না দেওয়া, দুই বছর পরপর দলের কাউন্সিল অনুষ্ঠান বাধ্যতামূলক করা, জাতীয় নির্বাচনে ১০ থেকে ৩০ ভাগ মহিলা প্রার্থীর সরাসরি মনোনয়ন দেওয়া, কোনো প্রার্থীকে দুই আসনের বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে না দেওয়া, সন্ত্রাস ও দুর্নীতির দায়ে দণ্ডপ্রাপ্ত প্রার্থীকে পরপর দুটি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য ঘোষণা করা, প্রার্থীর নির্বাচনী ব্যয় আসনপ্রতি এক লাখ টাকা করা - ইত্যাদি রয়েছে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটিএম শামসুল হুদার সভাপতিত্বে সংলাপে অন্য দুই কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইন ও এম সাখাওয়াত হোসেন এবং নির্বাচন কমিশন সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সিইসি শামসুল হুদা বলেন, "নির্বাচনে হেরে যাওয়া কোনো দল যেন স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের বিষয়টিকে ইস্যু করতে না পারে, আমাদের সেদিকে লক্ষ্য রাখতে হবে।" তিনি বলেন, "স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের বিষয়ে এরই মধ্যে রাজনৈতিক দলগুলো মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে। ওয়ার্কার্স পার্টি, সিপিবি, আওয়ামী লীগ ও সাম্যবাদী দল স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহারের পক্ষে মত দিয়েছে। বাদবাকী দলগুলো বলেছে, কমিশন যে ধরনের ব্যালট বাক্স ব্যবহারই করুক না কেন, তাতে তাদের আপত্তি নেই।" সিইসি জানান, তারা হিসাব করে দেখেছেন, এবারের সংসদ নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করলে প্রায় আড়াই লাখ বাক্সের প্রয়োজন হবে। এ জন্য খরচ হবে ২৭ থেকে ২৮ কোটি টাকা। শুধুমাত্র ডেনমার্ক ও কানাডা এ ধরনের বাক্স তৈরি করে জানিয়ে তিনি বলেন, বাক্স আমদানী করার জন্য কমিশনের হাতে এখনও সময় আছে। সংলাপে বিকল্পধারার পক্ষে নির্বাচনে স্বচ্ছ ব্যালট বাক্স ব্যবহার করার পক্ষে মত দেওয়া হয়। তবে দলের মহাসচিব আব্দুল মান্নান বলেন, "এটি না করতে পারলেও এই কমিশনের ওপর আমাদের আস্থা আছে।" গত ১২ সেপ্টেম্বর নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর এ সংলাপ শুরু হয়। বিকল্পধারাসহ এ পর্যন্ত মোট ১৪টি রাজনৈতিক দল এতে অংশ নিয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এএল/জিএনএ/এসকে/১৬৩১ ঘ.