২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তারেকের রিমান্ড সংক্রান্ত শুনানির আদেশ ৬ ডিসেম্বর

তারেককে রিমান্ডে নেওয়া হবে কি না- সে ব্যাপারে ৬ ডিসেম্বর আদেশ দেবে আদালত। রোববার শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী রিমান্ড সংক্রান্ত আদেশ ঘোষণার দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে রিমান্ড শুনানির জন্য তারেককে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2007, 05:38 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- তারেককে রিমান্ডে নেওয়া হবে কি না- সে ব্যাপারে ৬ ডিসেম্বর আদেশ দেবে আদালত। রোববার শুনানি শেষে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী রিমান্ড সংক্রান্ত আদেশ ঘোষণার দিন ধার্য করেন। দুর্নীতি দমন কমিশনের দায়ের করা একটি মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে সকালে রিমান্ড শুনানির জন্য তারেককে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে উপস্থিত করা হয়। তবে ওই সময় কর্মকর্তারা এজলাসে মামলার নথি উপস্থাপন করতে না পারায় বিচারক আদালত কিছুক্ষণের জন্য মুলতবি ঘোষণা করেন। পরে আবারো শুনানি শুরু হয়। আকাশি রঙের শার্ট পরিহিত তারেক এসময় কাঠগড়ায় চেয়ারে বসে ছিলেন। মামলার তদন্তকারী কমকর্তা দুদকের সহকারী পরিচালক মো. তৌফিকুল ইসলাম রিমান্ডে নেওয়ার আবেদন করেছিলেন। তার ওই আবেদনের পরিপ্রেক্ষিতে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. গোলাম রাব্বানী ২৭ নভেম্বর রিমান্ড শুনানির জন্য ২ ডিসেম্বর দিন ধার্য করেন। তারেক রহমানকে ইতোমধ্যে চারটি চাঁদাবাজি মামলায় আদালত মোট ১০দিন রিমান্ড মঞ্জুর করেছে। তবে এগুলোর কোনোটিতেই এখনো তাকে জিজ্ঞাসাবাদ করা হয়নি। রিমান্ড আবেদনে বলা হয়, দুর্নীতি দমন কমিশনে তারেকের দাখিল করা সম্পদ বিবরণীতে প্রদর্শিত প্রাইম ব্যাংক বনানী শাখায় ৩৫ লাখ টাকা এবং ঢাকা ব্যাংক বনানী শাখায় ২০ লাখ টাকার উৎস ও তার মালিকানাধীন বসুন্ধরা গ্র"পের ব্লক নং ১০৬৪সহ গাজীপুরের আরো দুটি জমির ব্যাপারে এবং দৈনিক দিনকাল পত্রিকার মালিকানাসহ অন্যান্য প্রাসঙ্গিক বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড প্রয়োজন। ২৬ সেপ্টেম্বর দুদকের উপপরিচালক মো. জহিরুল হুদা বাদি হয়ে কাফরুল থানায় মামলাটি দায়ের করেন। এ মামলায় তারেক ছাড়াও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান ও শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানুকে আসামি করা হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/জিএনএ/১২৪৫ ঘ.