২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের সুযোগ দিতে আইজি প্রিজনকে চিঠি

শেখ হাসিনাকে তার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাত এবং স্যাটেলাইট টিভি দেখার সুযোগ দিতে মহা কারা পরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনকে চিঠি দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2007, 02:49 PM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- শেখ হাসিনাকে তার আত্মীয়-স্বজন ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাত এবং স্যাটেলাইট টিভি দেখার সুযোগ দিতে মহা কারা পরিদর্শক (আইজি প্রিজন) ব্রিগেডিয়ার জেনারেল মো. জাকির হোসেনকে চিঠি দেওয়া হয়েছে। শেখ হাসিনার বিশেষ সহকারী ড.হাসান মাহমুদ শনিবার সন্ধ্যায় বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, তিনি শনিবার দুপুর দু'টায় আইজি প্রিজনের কাছে ওই চিঠি দিয়েছেন। এছাড়াও চিঠির অনুলিপি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র সচিব এবং উপ মহা কারা পরিদর্শকের কাছে পাঠানো হয়েছে। তবে, উপ মহা কারা পরিদর্শক সামসুল হায়দার ছিদ্দিকী এ ধরণের কোনো চিঠি পাননি বলে সন্ধ্যায় জানিয়েছেন। ড.হাসান মাহমুদ জানান, গ্রেপ্তারের পর আবেদনের পরিপ্রেক্ষিতে সপ্তাহে আইনজীবী বা আত্মীয়-স্বজনসহ ৫ জনকে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাতের অনুমতি দেয়া হতো। কিন্তু গত ঈদুল ফিতরের পর থেকে শেখ হাসিনার সঙ্গে কর আইনজীবী ছাড়া অন্য কারো সঙ্গে দেখা করার সুযোগ দেয়া হচ্ছে না। এর মধ্যে শুধু গত ২৭ নভেম্বর শেখ হাসিনার ৪০তম বিবাহ বার্ষিকী উপলক্ষে তার স্বামী ড. ওয়াজেদ মিয়া ও নাতনির সঙ্গে দেখা করতে দেয়া হয়। চিঠিতে ড.হাসান মাহমুদ অভিযোগ করেছেন, হাসিনার আইনজীবীরা একাধিকবার আবেদন করলেও তাদের দেখা করার সুযোগ দেয়া হয়নি। এতে সাবেক প্রধানমন্ত্রীর আইনগত সহায়তা ব্যাহত হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। এছাড়া আবেদনের পর স্যাটেলাইট টিভির সংযোগ দেয়া হলেও বেশ কিছুদিন হলো তা বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। চিঠিতে শেখ হাসিনার সঙ্গে তার আইনজীবী এবং আত্মীয়-স্বজন ও ব্যক্তিগত কর্মকর্তা-কর্মচারীদের সাক্ষাতের সুযোগ দিতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশ দেয়ার জন্য কারা অধিদপ্তরের মহাপরিদর্শকের কাছে অনুরোধ জানানো হয়। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/এলএইচ/এসকে/২০৪০ঘ.