ঢাকা,ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - কারাবন্দী শেখ হাসিনার সঙ্গে শনিবার তিনজন আইনজীবীর দেখা করার কথা থাকলেও মাত্র একজন আইনজীবী দেখা করেছেন।
কারা উপমহাপরিদর্শক সামসুল হায়দার ছিদ্দীকি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান, শেখ হাসিনার সঙ্গে এডভোকেট সাহারা খাতুন,এডভোকেট খন্দকার মনিরুজ্জামান এবং ব্যারিষ্টার ফজলে নূর তাপসের দেখা করার নির্ধারিত দিন ছিল শনিবার।
তিনি জানান,বিকাল তিনটার দিকে তাদের বিশেষ কারাগারে যাওয়ার কথা থাকলেও শুধু খন্দকার মনিরুজ্জামান যান। তিনি প্রায় ১ ঘন্টা অবস্থান করে চলে যান। বাকি দুইজন কেন যাননি তারা তা জানাননি।
সামসুল হায়দার ছিদ্দীকি জানান, শেখ হাসিনার সঙ্গে খন্দকার মনিরুজ্জামানের মামলা নিয়ে কথা হয়। মূলত আজম জে চৌধুরীর দায়ের করা চাঁদাবাজির মামলা নিয়েই তারা কথা বলেন।
শেখ হাসিনার সঙ্গে দেখা করার পর খন্দকার মনিরুজ্জামান সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি। অবশ্য যাওয়ার আগে তিনি কথা না বলার বিষয়টি উপস্থিত সাংবাদিকদের জানিয়ে দেন।
এ ব্যাপারে এডভোকেট সাহারা খাতুন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমকে জানান,শনিবার শেখ হাসিনার সঙ্গে তার দেখা করার কোনো কথা ছিলনা। ফজলে নূর তাপসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে পাওয়া যায়নি।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম / এলএইচ/এমএ/১৯২২ঘ.
bdnews24