ঢাকা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিএনপির সঙ্গে সংলাপ স্থগিত করতে হাইকোর্টের দেয়া আদেশের বিরুদ্ধে আপিল করবে না নির্বাচন কমিশন (ইসি)। তবে চার সপ্তাহের আগেই বিষয়টি নিস্পত্তি করার জন্য কমিশন আদালতে একটি আবেদন জানাবে।
নির্বাচন কমিশনার মুহাম্মাদ ছহুল হোসাইন শনিবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, "আদালতের ওই স্থগিতাদেশের বিরুদ্ধে আপিল করা হচ্ছে না। তবে ১৩ ডিসেম্বর থেকে আদালত ছুটি হয়ে যাচ্ছে। আমরা চাচ্ছি, একজন আইনজীবী নিয়োগ করে চার সপ্তাহের আগেই বিষয়টি নিস্পত্তি করতে। এ জন্য আমাদের একটি আবেদন করতে হবে। কেননা নির্দিষ্ট সময়ে সংলাপ শেষ না করলে আমাদের কাজে সমস্যা হবে।"
ছহুল হোসাইন বলেন, "আমরা তো কাউকে পক্ষপাতিত্ব করতে চাই না। আমরা বিএনপির একটি অংশকে সঠিক মনে করে তাদেরকেই সংলাপের জন্য চিঠি দিয়েছি। বিষয়টি এখন আদালতে যাওয়ায় একদিক থেকে ভালই হয়েছে। আদালত আমাদের যে নির্দেশ দেবে, আমরা তা মেনে নেবো।"
কমিশনের নিয়োগপ্রাপ্ত আইনজীবী আদালতের কারণ দর্শানোর নোটিশের জবাব দেবেন -- এই তথ্য জানিয়ে কমিশনার আরও বলেন, "এ বিষয়ে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে আমাদের কথাও হয়েছে।"
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে ১৮ নভেম্বর হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়। এরই পরিপ্রেক্ষিতে ওই দিন আদালত স্থায়ী কমিটি মনোনীত বিএনপির অস্থায়ী মহাসচিব অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদকে সংলাপে ডাকার ব্যাপারে নির্বাচন কমিশনের দেয়া চিঠির কার্যকারিতা দুই সপ্তাহের জন্য স্থগিত করে। একইসঙ্গে এ চিঠিকে কেন অবৈধ ঘোষণা করা হবেনা তার কারণ জানতে চেয়েছে আদালত।
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে ২২ নভেম্বর বিএনপির সঙ্গে সংলাপে বসার কথা ছিল নির্বাচন কমিশনের।
খসড়া নির্বাচনী আইন নিয়ে কমিশন সবগুলো রাজনৈতিক দলগুলোকে একসঙ্গে আলোচনায় ডাকলে জামায়াতে ইসলামীর উপস্থিতিতে কোনো দল ওই আলোচনায় বসবে না বলে এরই মধ্যে জানিয়ে দিয়েছে। এ বিষয়ে কমিশনের পদক্ষেপ কি হবে, তা জানতে চাইলে ছহুল হোসাইন বলেন, " সেক্ষেত্রে হয়তো জামায়াতকে বাদ দিয়েই আলোচনা করতে হবে। কিন্তু জামায়াতের মতামতও আমাদের নিতে হবে। কারণ এতো বড় একটি দলকে আমরা কোনোভাবেই বাদ দিতে পারবো না।"
তিনি জানান, সরকারি ছুটির দিনেও শনিবার সকালে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ও সাখাওয়াত হোসেনসহ তিনি আইন সংক্রান্ত একটি জরুরি সভা করেছেন। ছবিসহ ভোটার তালিকা তৈরির আইনের বিধি কি ভাবে প্রণয়ন করা যায়, তা নিয়ে এতে আলোচনা হয়েছে।
নির্বাচন কমিশনারদের যোগ্যতা কি হবে, তা নির্ধারণ করার জন্য পৃথক একটি আইনের খসড়া তৈরি করা হচ্ছে জানিয়ে ছহুল হোসাইন বলেন, "আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি, রাজনৈতিক প্রভাবমুক্ত ব্যক্তি যেনো নির্বাচন কমিশনার হন। তাকে অবশ্যই সৎ, যোগ্য ও শিক্ষিত হতে হবে। এছাড়া যেনো নিয়োগ দেওয়ার আগে কমিশনারের পেশা জীবনের ইতিহাস পর্যালোচনা করা হয়, সে বিষয়টিও এই প্রস্তাবিত আইনে থাকছে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/জিএনএ/ ১৫২০ ঘ.
bdnews24