ঢাকা, নভেম্বর ২৯(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশেরই কেন্দ্রীয় নেতারা পৃথকভাবে দক্ষিণাঞ্চলে ঘূর্ণিদুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ চালিয়ে যাচ্ছেন।
বৃহস্পতিবার 'সংস্কারপন্থী' হিসাবে পরিচিত নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খান বরগুনার বেতাগী উপজেলায় কিছু দুর্গত মানুষকে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ দেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, ''বিএনপি জনগণের দল। মানুষের দুর্দিনে পাশে আছে, থাকবে। সরকারের কাছে অনুরোধ থাকবে ত্রাণের পাশাপাশি দুর্গত মানুষের জন্য গৃহনির্মাণ ও কৃষি ঋণ দিন।''
এ সময়ে কেন্দ্রীয় নেতা সুরঞ্জন ঘোষ ও স্থানীয় নেতা আবিদুর রহমান খোকন উপস্থিত ছিলেন।
খালেদা জিয়ার মনোনীত নেতা খোন্দকার দেলোয়ারপন্থী অংশের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদ পটুয়াখালীর কলাপাড়া ইউনিয়নে ত্রাণ বিতরণ করেন। তিনি সাংবাদিকদের বলেন, ''এখনো অনেক জায়গায় ত্রাণ পৌঁছেনি বলে শুনেছি। ত্রাণে অপ্রতুলতা রয়েছে।''
চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবি করে রিজভী বলেন, "দুর্যোগ মোকাবেলায় অভিজ্ঞ এই সাবেক প্রধানমন্ত্রীকে মুক্তি দিয়ে দুর্গতদের পাশে দাঁড়ানোর সুযোগ দিন। এতে মানুষ সাহস পাবে।''
উভয়পক্ষের নেতাই ত্রাণ তৎপরতা আরও জোরদার ও কৃষি পুনর্বাসন কার্যক্রম শুরু করার দাবি জানান।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এমএআর/এসকে/২২১৮ঘ.
bdnews24