ভোলা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ ঘূর্ণিঝড় সিডরের ক্ষতি কাটাতে জাতীয় ঐক্য গড়ে তোলার ওপর জোর দিয়েছেন।
বৃহস্পতিবার ভোলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নে ঝড়ে ক্ষতিগ্রস্তদের ত্রাণ বিতরণের সময় তিনি বলেন, "এবারের জাতীয় দুর্যোগ মোকাবিলায় জাতীয় ঐক্যই আমাদের বড় শক্তি। স্বাধীনতা যুদ্ধে যেমন আমরা জাতীয় ঐক্যের ভিত্তিতে কাজ করেছি, তেমনিভাবে এবারের দুর্যোগেও সবাইকে ঐকমত্যের ভিত্তিতে কাজ করতে হবে।"
তিনি আরও বলেন, "ত্রাণ নিয়ে কারো রাজনীতি করা উচিত নয়। আওয়ামী লীগ দলীয় নেতা কর্মীদের দেওয়া অনুদানে ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। সে তহবিল থেকে আমি সহায়তা নিয়ে এসেছি।"
তোফায়েল আহমেদ ভেদুরিয়া ও ভেলুরিয়া ইউনিয়নের ত্রাণ বিতরণের সময় সিডরের আঘাতে নিহতদের পরিবারকে পাঁচ হাজার টাকা করে নগদ সাহায্য দেওয়ার ঘোষণা দেন। সরকারের ত্রাণ কাজের প্রশংসা করে তিনি বলেন, সরকারের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ত্রাণ দেওয়ার দিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে।
ত্রাণ দেওয়ার সময় তোফায়েল আহমেদের সঙ্গে দলের কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক ড. আবদুর রাজ্জাক, ভোলা জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা, সাধারণ সম্পাদক আবদুল প্রমুখ উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৬২৫ ঘ.
bdnews24