ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- যুদ্ধাপরাধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার প্রশ্নে আদালত কোনো সিদ্ধান্ত দিলে তা বাস্তবায়ন করবে নির্বাচন কমিশন।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এটি এম শামসুল হুদা বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে সাম্যবাদী দল (এমএল) এর সঙ্গে সংলাপে এই কথা বলেছেন। (বিস্তারিত)
সাংবাদিকদের উপস্থিতিতে সিইসি বলেন, "যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের নিবন্ধিত না করার দাবি উঠেছে। কিন্তু কে যুদ্ধাপরাধী, আর কে স্বাধীনতা বিরোধী, তা আমরা কি ভাবে বুঝবো? তাদের নির্বাচন থেকে বাদ দেওয়ার প্রসঙ্গটি নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বিষয় নয়। তবে আদালতে মামলা হয়ে যদি সিদ্ধান্ত হয়, তা আমরা বাস্তবায়ন করবো। কিন্তু সিদ্ধান্ত আসতে হবে।"
১২ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই সংলাপে এ পর্যন্ত ১৪ টি দলের মধ্যে ইসলামী ঐক্য জোট ও জামায়াতে ইসলামী ছাড়া বাদবাকী দলগুলো যুদ্ধাপরাধী ও স্বাধীনতা বিরোধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবি জানিয়েছে।
বৃহস্পতিবারের সংলাপে "নির্বাচনের যে ট্রেন চলতে শুরু করেছে, তা বন্ধ হয়ে যাবে -- এ রকম কোন সংশয় সৃষ্টি হয়নি" মন্তব্য করে তিনি বলেন,"প্রাকৃতিক দুর্যোগের কারণে ছবিসহ ভোটার তালিকা তৈরি করতে কিছু অসুবিধা হচ্ছে। একবার বন্যা হয়ে গেল এরপর ঘূর্ণিঝড়ের কারণে পটুয়াখালী ও বরগুনার ভোটার তালিকা তৈরির কাজ স্থগিত রাখতে হয়েছে। তবে সারা দেশে এ কাজ চলছে।"
সংলাপে এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক দল স্থানীয় নির্বাচনের আগে সংসদ নির্বাচন দাবি করেছে। এ বিষয়ে শামসুল হুদা বলেন, "আমরা সব স্থানীয় নির্বাচন করবো না। ছবিসহ ভোটার তালিকা হয়ে গেলে আমরা শুধু কয়েকটি মেয়াদ উত্তীর্ণ সিটি করপোরেশন ও পৌরসভা নির্বাচন করবো। ছবিসহ ভোটার তালিকা একটি নতুন পদ্ধতি বলে অভিজ্ঞতা অর্জনের জন্যও এটি আমাদের করতে হবে। তার মানে এই নয় যে, আমরা সংসদ নির্বাচন বন্ধ রেখে স্থানীয় নির্বাচন করবো।"
পার্বত্য শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা করার প্রশ্নে শামসুল হুদা বলেন, "সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন। সংবিধান অনুযায়ী পার্বত্য চট্টগ্রামে একটি ভোটার তালিকা হবে। শান্তিচুক্তিকে সংবিধানের সঙ্গে সামঞ্জস্য করার জন্য পরবর্তীতে যে কাজগুলো করা উচিত ছিল তা হয়নি।"
নির্বাচনী আইনের সংস্কার নিয়ে শুরু হওয়া সংলাপে সাম্যবাদী দলের ১০ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়
bdnews24