২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকির দায়ে সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হকের ৮ বছরের কারাদণ্ড

আয়কর ফাঁকির দায়ে বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে দুই কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ রায় দেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 08:29 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

ঢাকা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-আয়কর ফাঁকির দায়ে বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়াকে ৮ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। (বিস্তারিত) একই সঙ্গে তাকে দুই কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। বৃহস্পতিবার সংসদ ভবনে স্থাপিত বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সামসুন্নাহার বেগম এ রায় দেন। জিয়াউল হক পলাতক রয়েছেন। তাকে আটক বা তার আত্মসমর্পণের দিন থেকে এ সাজা কার্যকর হবে বলে রায়ে বলা হয়েছে। আদালত জিয়ার দুটি বাড়ি ও আসবাবপত্র, রয়েল সিএনজি স্টেশনের পাঁচ হাজার শেয়ার, দুটি আগ্নেয়াস্ত্র ও একটি লেক্সাস গাড়ি রাষ্ট্র বরাবর বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে। কর ফাঁকির অভিযোগে একই আদালতে জিয়ার স্ত্রী নাসিমা হক ও পুত্র মাশফিকুল হকের বিরুদ্ধে আলাদা দুইটি মামলার বিচার চলছে। ওই দুই আসামিও পলাতক রয়েছে। জিয়ার বিরুদ্ধে দুটি পৃথক ধারায় দেয়া সাজার মধ্যে সম্পত্তি গোপনের জন্য পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ১ বছরের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। একই সঙ্গে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য দেয়ার অপরাধে তিন বছরের সশ্রম কারাদণ্ড, এক কোটি টাকা জরিমানা এবং তা অনাদায়ে আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেয় আদালত। সাজা একটি শেষ হলে অপরটি কার্যকর হবে বলে জিয়াকে আট বছরই কারাভোগ করতে হবে। ২৩ সেপ্টেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারি কর কমিশনার ফারজানা সুলতানা বাদি হয়ে জিয়ার বিরুদ্ধে আয়কর বিবরণীতে মিথ্যা তথ্য ও সম্পত্তি গোপন করে কর ফাঁকির অভিযোগে একটি মামলা দায়ের করেন। এতে বলা হয়, আসামি বিভিন্ন কর বর্ষে ৪ কোটি ২৩ লাখ ১৫ হাজার ১১৭ টাকার সম্পত্তি গোপন করে এর ওপর প্রযোজ্য কর ৯২ লাখ ৪০ হাজার ৮২৭ টাকা ফাঁকি দিয়েছেন। বিশেষ জজ আদালতে ২৪ অক্টোবর এ মামলার অভিযোগ গঠন করা হয়। সাক্ষ্য নেওয়া শেষ হয় ২১ নভেম্বর। রাষ্ট্রপক্ষে এ মামলায় মোট ১২ জন সাক্ষী তাদের সাক্ষ্য দেয়। ২৫ নভেম্বর রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের পর বিচারক রায় দেওয়ার এই দিন ধার্য করেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৪১৫ ঘ.