২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণাঞ্চলে ত্রাণ দিচ্ছে বিএনপির দু'পক্ষ

বিএনপির দুই অংশের নেতারা দক্ষিণাঞ্চলের ঘূর্ণিদুর্গত জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দলের সাইফুর অনুসারি অংশের নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খানের নেতৃত্বে একটি দল বুধবার বরগুনা জেলা সদরের ঘূড়িরচর ইউনিয়নের দুর্গত মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 01:24 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বিএনপির দুই অংশের নেতারা দক্ষিণাঞ্চলের ঘূর্ণিদুর্গত জেলায় ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে। দলের সাইফুর অনুসারি অংশের নেতা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জেড এ খানের নেতৃত্বে একটি দল বুধবার বরগুনা জেলা সদরের ঘূড়িরচর ইউনিয়নের দুর্গত মানুষের মধ্যে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করে। পরে বিকেলে জেড এ খান বরগুনা প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে দুর্গত মানুষের জন্য অবিলম্বে কৃষি ঋণ প্রদান, সার সরবরাহ ও গৃহ নির্মাণে সহায়তা দিতে সরকারের কাছে দাবি জানান। তিনি বলেন, "বিএনপি সব সময় মানুষের বিপদে তাদের পাশে ছিল, এবারও রয়েছে।" তিনি বর্তমান পরিস্থিতিতে রাজনীতি না করে দলমত নির্বিশেষ সবাইকে দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। সংবাদ সম্মেলনে বিএনপি নেতা সুরঞ্জন ঘোষ, শামসুল আলম বাবলা, স্থানীয় জেলা সহসভাপতি আবদুর রহমান খোকন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সালেহ ফারুক, মৎস্যজীবী দলের সভাপতি মাইনুল ইসলাম মাইনু প্রমুখ উপস্থিত ছিলেন। এদিকে, খোন্দকার দেলোয়ারপন্থী অংশের নেতা আবু সাইদ খান খোকনের নেতৃত্বে একটি দল বুধবার পটুয়াখালীর আমতলী এলাকায় ত্রাণ বিতরণ করেছে। এছাড়া, দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক রিজভী আহমেদের নেতৃত্বে আরেকটি দল ত্রাণ দিতে বৃহস্পতিবার বরগুনা যাবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসএনডি/এমএ/১৯১৪ ঘ.