ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- চাঁদাবাজি মামলায় খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোকে রিমান্ডে নেওয়ার আবেদনের শুনানি তৃতীয় দফা পিছিয়েছে।
বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে কোকো চিকিৎসাধীন থাকায় বুধবার মহানগর হাকিম হাবিবুর রহমান সিদ্দিকী রিমান্ড শুনানির জন্য ২ ডিসেম্বর নতুন তারিখ দেন।
এক কোটি ২০ লাখ টাকা চাঁদা আদায়ের অভিযোগে বিজ্ঞাপনী প্রতিষ্ঠান অ্যাড কম এর সত্ত্বাধিকারী আবু আহমেদ জায়েদান রাব্বী গত ১৬ মে গুলশান থানায় আরাফাত রহমান কোকো, তার দুই শ্যালক মোস্তাকিম রেজার ও মোস্তাকিন রেজার বিরুদ্ধে মামলা করেন।
পরে মামলাটি জরুরি মতা বিধিমালায় অন্তর্ভুক্ত করা হয়। ২০ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মোতালিব কোকোকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চান। কিন্তু কোকো অসুস্থ থাকায় আদালত ২৫ নভেম্বর রিমান্ড শুনানির তারিখ দেন। পরে একই কারণে শুনানির তারিখ ২৮ নভেম্বর নির্ধারণ করা হয়।
এর আগে গত ৩ সেপ্টেম্বর ভোরে গ্যাটকো দুর্নীতি মামলায় আরাফাত রহমান কোকোকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। ওই দিন সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালত থেকে গ্যাটকো মামলায় কোকোকে সাত দিনের রিমান্ডে নেয় পুলিশ। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই ৫ সেপ্টেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/পিবি/এসএনডি/এমএ/১৮১৬ ঘ.
bdnews24