ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ভোটারের ভারসাম্য রক্ষায় আগামী জানুয়ারিতে নির্বাচনী আসনগুলোর সীমানা পুনঃনির্ধারণের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। তবে ৩০০ আসনের সীমানা এবার পুনঃনির্ধারিত হচ্ছে না।
নির্বাচন কমিশনার এম. সাখাওয়াত হোসেন বুধবার দুপুরে তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, "ভোটারদের ভারসাম্য রক্ষা করে আগামী জানুয়ারি মাসে নির্বাচনী আসনগুলোর সীমানা পুনঃনির্ধারণ করা হবে। এ জন্য আমাদের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।"
কমিশনার জানান, এই কাজে তাদের সহায়তা দিতে আগামী ৯ ডিসেম্বর আমেরিকা থেকে একজন বিশেষজ্ঞ বাংলাদেশে আসছেন। 'জিওগ্রাফিকাল ইনফরমেশন সিস্টেম' ব্যবহার করে নির্বাচনী আসনের সীমানা নির্ধারণ করা হবে। এছাড়া আদমশুমারীর তথ্যও ব্যবহার করা হবে।
সাখাওয়াত হোসেন বলেন, "নির্বাচনী আসন পুনঃনির্ধারণের সময় যেন ইউনিয়ন পরিষদগুলো ভাগাভাগি না হয় এবং কোনো রকম প্রশাসনিক জটিলতা দেখা না দেয়, সেদিকেও খেয়াল রাখা হবে।"
তিনশ' টি নির্বাচনী আসনের সীমানাই পুনঃনির্ধারণ করা হচ্ছে কী না, তা জানতে চাইলে তিনি বলেন, "এই মুহূর্তে ৩০০ আসনের সীমানা পুনঃনির্ধারণ করা সম্ভব নয়। তবে যেখানে যেখানে ভোটার সংখ্যা বেড়েছে, সেখানে ভারসাম্য রক্ষা করার জন্য এটি করা হবে।"
আগামী জানুয়ারিতে কমিশনের কাছে ঢাকা ছাড়া সারাদেশের ছবিসহ ভোটার তালিকার একটি প্রাথমিক চিত্র থাকবে -- এই তথ্য জানিয়ে কমিশনার বলেন, "সেখান থেকে বোঝা যাবে, কোন এলাকায় কতো ভোটার রয়েছেন। এছাড়া ২০০৬ সালের বাতিল ভোটার তালিকা থেকেও একটি ধারণা পাওয়া যাবে।"
তিনি আরও বলেন, "সংলাপ আকারে না হলেও এ ক্ষেত্রে আমরা রাজনৈতিক ব্যক্তিত্বদের মতামত নেবো। যেখানে যেখানে আপত্তি আছে, তা - ও দেখা হবে।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/ বিআর/ এমএ/১৭১০ ঘ.
bdnews24