২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিদুর্গতদের পাশে সবাইকে দাঁড়ানোর জন্য জামাতের আহবান

দলমত নির্বিশেষে সবাইকে একযোগে সিডর দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 12:11 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- দলমত নির্বিশেষে সবাইকে একযোগে সিডর দুর্গতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জামাতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদ। সিডর- দুর্গত উপকূলীয় অঞ্চল ঘুরে এসে মঙ্গলবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান। জরুরি অবস্থা তুলে নিলে রাজনৈতিক দলগুলোর ত্রাণ কাজে অংশ নিতে সুবিধা হবে কিনা --এ প্রশ্নের জবাবে মুজাহিদ বলেন, "আমরা নিজেরা ত্রাণ কার্যক্রমের সময় কোনও সমস্যার মুখোমুখি হইনি। তাই কোনো রাজনৈতিক বক্তব্য দেওয়াটা সমীচীন মনে করছি না।" মার্কিন সেনাদের বাংলাদেশে অবস্থান প্রসঙ্গে তিনি বলেন, "মার্কিন সেনাদের সঙ্গে আমাদের সেনাবাহিনীও কাজ করছে। আগে তাদের একমাস সময় সীমা অতিক্রান্ত হোক তারপর বিষয়টা নিয়ে চিন্তার অবকাশ থাকবে বলে আমরা মনে করি।" সংবাদ সম্মেলনে জামাতের সিনিয়র এ নেতা আরও জানান, প্রথম ধাপে জামাত ত্রাণ বিতরণ কাজ শেষ করেছে। এখন দ্বিতীয় ধাপে পুনর্বাসন কাজ শুরু করতে যাচ্ছে। এজন্য প্রাথমিকভাবে এক কোটি টাকা বাজেট রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন দলের নায়েবে আমীর রুহুল আনোয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, এটিএম আজহারুল ইসলাম প্রমুখ। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/জিএমএ/এমএআর/এসকে/১৮০৪ঘ.