ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- জাতীয় পরিচয়পত্র তৈরির কাজ ভোটার তালিকা প্রণয়ণ বিলম্বিত করছে দাবি করে জাতীয় পরিচয়পত্র তৈরির কাজটি আলাদাভাবে করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। একইসঙ্গে যুদ্ধাপরাধী ও স্বাধীনতাবিরোধীদের নির্বাচনে অযোগ্য ঘোষণার দাবিও জানিয়েছে তারা।
রাশেদ খান মেননের নেতৃত্বে ১০ সদস্যের প্রতিনিধি দল মঙ্গলবার সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেন। সংলাপের শুরুতেই দলের সভাপতি রাশেদ খান মেনন তাদের প্রস্তাবগুলো তুলে ধরেন।
প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার ও কমিশনের কর্মকর্তারা এতে উপস্থিত রয়েছেন।
ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে ভোটার তালিকা তৈরির প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলোকে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়। এছাড়া প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে সুনির্দিষ্ট বিধান রাখা, আটকে পড়া পাকিস্তানি ও রোহিঙ্গাদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না করা, শান্তিচুক্তি অনুযায়ী পার্বত্য চট্টগ্রামের স্থায়ী বাসিন্দাদের নিয়ে ভোটার তালিকা তৈরির প্রস্তাব দিয়েছে দলটি।
নির্বাচনী আইন সংস্কার নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সংলাপ শুরু হয়েছে ১২ সেপ্টেম্বর থেকে। এ পর্যন্ত আওয়ামী লীগসহ ১২টি রাজনৈতিক দল সংলাপে অংশ নিয়েছে।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এমআই/জিএনএ/১২৪০ ঘ.
bdnews24